শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মাভাবিপ্রবিতে আর্সেনিকজনিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত

আফজালুর রহমান, আবির,মাভাবিপ্রবি প্রতিনিধি:   |   মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৫৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মাভাবিপ্রবিতে আর্সেনিকজনিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত
১১১

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের উদ্যোগে বাংলাদেশে আর্সেনিকজনিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ক এক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬) বেলা ১১টায় বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত “Mechanistic Human Studies on the Effects of Arsenic on Cardiometabolic Diseases in Bangladesh” শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাপানের শোয়া মেডিকেল ইউনিভার্সিটি, স্কুল অব ফার্মেসির ভিজিটিং প্রফেসর এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এনভায়রনমেন্টাল টক্সিকোলজি অ্যান্ড হিউম্যান হেলথ সায়েন্টিস্ট প্রফেসর ড. সেইইচিরো হিমেনো। তিনি আর্সেনিকের দীর্ঘমেয়াদি এক্সপোজারের ফলে মানবদেহে সৃষ্ট আণবিক ও যান্ত্রিক পরিবর্তন, বিশেষ করে হৃদরোগ, বিপাকীয় অসংগতি এবং এন্ডোথেলিয়াল ক্ষতির বৈজ্ঞানিক দিকসমূহ বিশদভাবে তুলে ধরেন। পাশাপাশি বাংলাদেশ প্রেক্ষাপটে আর্সেনিক দূষণের বর্তমান অবস্থা ও এর স্বাস্থ্যগত প্রভাব নিয়েও গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ উপস্থাপন করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবু জুবাইর। সেমিনারে সভাপতিত্ব করেন বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আছাদুজ্জামান শিকদার। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. খালেদ হোসেনসহ সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক, গবেষক ও বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

বক্তাগণ বলেন, আর্সেনিকজনিত স্বাস্থ্যঝুঁকি বাংলাদেশের জনস্বাস্থ্যের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এ ধরনের গবেষণাভিত্তিক সেমিনার নীতিনির্ধারণ, জনস্বাস্থ্য পরিকল্পনা ও ভবিষ্যৎ গবেষণার দিকনির্দেশনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে আন্তর্জাতিক পর্যায়ের গবেষকদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় দেশের বিজ্ঞানচর্চাকে আরও সমৃদ্ধ করবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

সেমিনার শেষে মুক্ত আলোচনায় শিক্ষার্থী ও গবেষকরা আর্সেনিক দূষণ প্রতিরোধ, নিরাপদ পানি ব্যবস্থাপনা এবং জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com