| বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫ | প্রিন্ট | ২১৩ বার পঠিত | পড়ুন মিনিটে
কুমিল্লার মুরাদনগর সদর বাজারে চুরি, ছিনতাই ও দীর্ঘদিনের অব্যবস্থাপনা নিয়ে জনমনে চরম অসন্তোষ বিরাজ করছে। সম্প্রতি বাজারে একাধিক চুরির ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা।
বাজারে যেকোনো সমস্যা বা চুরির ঘটনার পর অনেকেই অভিযোগ করেন বাজার রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা মোঃ খলিল সাহেবের প্রতি। স্থানীয়দের প্রশ্ন—তিনি কি একাই পুরো বাজারের দায়ভার বহনের জন্য? এই বিশাল বাজার পরিচালনায় একজন মানুষ আর কতটুকুই বা করতে পারেন? তাহলে বাকি ব্যবসায়ী নেতারা কোথায়? ব্যবসায়ী সমিতির পুরনো সদস্য কিংবা বর্তমান সক্রিয় ব্যবসায়ীদের ভূমিকা কী?
স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতাদের অভিযোগ, বহু বছর ধরে এই বাজারে কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি। ক্ষমতাসীন দলের মদদপুষ্ট কিছু ব্যবসায়ী নিজেদের মতো করে কমিটি গঠন করে বাজার চালিয়ে আসছে। এতে করে বাজার ব্যবস্থাপনায় নেই কোনো জবাবদিহি, নেই নিয়মতান্ত্রিকতা।
এক ভুক্তভোগী বলেন,
“১৫ বছর আগে বিদেশে গিয়েছিলাম। ফিরে এসে দেখি বাজারের অবস্থা আজও একই—বৃষ্টির পর পানি জমে থাকে, বাজারে হাঁটলে মনে হয় গোসল করেই ফিরতে হবে। বাড়ি গিয়ে কাপড় পাল্টাতে হয়।”
বাজারে নেই পর্যাপ্ত নিরাপত্তা, নেই পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ। পয়ঃনিষ্কাশনের সঠিক ব্যবস্থা না থাকায় প্রতিদিন ভোগান্তি পোহাতে হচ্ছে ব্যবসায়ী ও ক্রেতাদের। ফলে অনেকেই এখন পাশের বাজারগুলোতে ঝুঁকছেন।
স্থানীয়রা বলছেন, এভাবে চলতে থাকলে ঐতিহ্যবাহী মুরাদনগর সদর বাজার তার গৌরব হারাবে। সময় এসেছে নতুন ও গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটি কার্যকর বাজার কমিটি গঠনের—যেখানে ব্যবসায়ীদের মতামত থাকবে, থাকবে জবাবদিহিতা।
জনগণের দাবি—সুষ্ঠু নির্বাচন হোক, বাজার বাঁচুক।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com