শফিকুল ইসলাম বাদল ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি | সোমবার, ১১ মে ২০২৬ | প্রিন্ট | ২১ বার পঠিত | পড়ুন মিনিটে
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর-এ ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে আজ (১১ মে ২০২৬) বিভিন্ন ওষুধ কোম্পানিতে কর্মরত মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তারা বলেন, দেশের ওষুধ শিল্পকে এগিয়ে নিতে প্রায় তিন লক্ষাধিক উচ্চশিক্ষিত ও দক্ষ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ দিনরাত পরিশ্রম করছেন। চিকিৎসকদের কাছে আধুনিক চিকিৎসা ও ওষুধ সংক্রান্ত তথ্য পৌঁছে দেওয়া এবং প্রান্তিক পর্যায়ে ওষুধের সহজলভ্যতা নিশ্চিত করতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও মাঠপর্যায়ে প্রতিনিয়ত অবমূল্যায়নের শিকার হচ্ছেন। বক্তারা অভিযোগ করেন, পেশাগত দায়িত্ব পালনকালে অনেক সময় তাদের মানসিক নিগ্রহ ও অপমান সহ্য করতে হয়।
সাধারণ মানুষসহ সংশ্লিষ্ট অনেকেই তাদের অবমাননাকরভাবে “দালাল” বলে সম্বোধন করেন, যা একজন উচ্চশিক্ষিত পেশাজীবীর জন্য অত্যন্ত লজ্জাজনক ও অপমানজনক। তারা আরও বলেন, হাসপাতাল ও ক্লিনিকে কাজ করার ক্ষেত্রে সুনির্দিষ্ট নীতিমালা না থাকায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। মানববন্ধন শেষে একটি প্রতিনিধিদল নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সামাজিক ও পেশাগত এই অবমাননা তাদের পরিবারকেও মানসিকভাবে বিপর্যস্ত করছে। পাশাপাশি অবিলম্বে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষায় রাষ্ট্রীয় স্বীকৃতি ও সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়। স্মারকলিপিতে আরও বলা হয়, “আমরা কোনো অযাচিত সুবিধা চাই না, আমরা শুধু আমাদের কাজের সম্মানটুকু চাই। ওষুধের তথ্য চিকিৎসকের কাছে পৌঁছে দেওয়া একটি বিজ্ঞানসম্মত প্রক্রিয়া, একে ভিন্নভাবে দেখার সুযোগ নেই।”স্মারকলিপি গ্রহণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার আশ্বাস দেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করবেন বলে জানান। এ সময় নবীনগরে কর্মরত বিভিন্ন দেশি-বিদেশি ওষুধ কোম্পানির উল্লেখযোগ্য সংখ্যক মেডিকেল রিপ্রেজেন্টেটিভ মানববন্ধনে উপস্থিত ছিলেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com