মাসুদ রায়হান যশোর জেলা, প্রতিনিধি: | শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | ৫৯ বার পঠিত | পড়ুন মিনিটে
জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করে সংখ্যানুপাতিক (পি.আর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন দেওয়ার জোর দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতৃবৃন্দ। তারা বলেন, দেশের মানুষ এখন পি.আর পদ্ধতিতে নির্বাচন চায়।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) বিকাল ৩টায় যশোর শহরের দড়াটানা ভৈরব চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার উদ্যোগে এক বিশাল সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। জেলা সভাপতি মিয়া মুহাম্মদ আব্দুল হালিমের সভাপতিত্বে এবং সেক্রেটারি আলহাজ্ব মোহাম্মদ আলী সরদারের পরিচালনায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও যশোর সদর-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মোঃ শোয়াইব হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “পি.আর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে নির্বাচনে পেশীশক্তি ও কালো টাকার দৌরাত্ম্য থাকে না। ভোট কেন্দ্র দখল, সহিংসতা, অরাজকতা, জিঘাংসা ও নৈরাজ্য মুক্ত একটি নির্বাচনী পরিবেশ তৈরি হয়। এতে প্রতিটি নিবন্ধিত দলের ভোটের আনুপাতিক হারে সংসদে প্রতিনিধিত্বের সুযোগ তৈরি হয়, ফলে পার্লামেন্টই হবে জাতীয় সমস্যার সমাধান কেন্দ্র।”
তিনি আরও বলেন, বিশ্বের ৯১টিরও বেশি দেশে বিভিন্নভাবে পি.আর পদ্ধতি চালু রয়েছে। বেলজিয়াম, ডেনমার্ক, ফিনল্যান্ড, নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেনসহ বহু দেশে শতভাগ পি.আর ভিত্তিক নির্বাচন হয় এবং এসব দেশ এর সুফল ভোগ করছে।
জেলা সভাপতি মিয়া মুহাম্মদ আব্দুল হালিম বলেন, “ইসলামী আন্দোলন বাংলাদেশ দীর্ঘদিন ধরে পি.আর পদ্ধতিতে নির্বাচনের দাবি জানাচ্ছে। দেশকে স্থায়ীভাবে স্বৈরতন্ত্রের কবল থেকে রক্ষা করা এবং সব নাগরিকের ভোটাধিকার নিশ্চিত করাই ছিল জুলাই অভ্যুত্থানের লক্ষ্য।” তিনি আরও বলেন, অতীতের অভিজ্ঞতা প্রমাণ করেছে পুরোনো পদ্ধতিতে আর নির্বাচন করার কোনো অর্থ হয় না।
সমাবেশে অন্যান্য বক্তারা বলেন, পি.আর পদ্ধতিতে নির্বাচন ছাড়া জনগণের কাঙ্ক্ষিত গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। অন্যথায় আন্দোলনের মাধ্যমে এ দাবি আদায় করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
এ সময় ইসলামী আইনজীবী পরিষদ খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট নুর ইসলাম, ভাইস প্রিন্সিপাল মাওলানা রুহুল আমিন, এইচএম মহসিন, হাফেজ আব্দুর রশিদ, মাও. আশিক বিল্লাহ, মোঃ কামরুজ্জামান, মুফতি মঈন উদ্দিন, এটিএম আখতারুজ্জামান তাজু, মাওলানা ইমদাদুল্লাহ, মোঃ আসাদুজ্জামান, মুস্তাফিজুর রহমান মুন্না, মাওলানা ওসমান গনি, অলিউর রহমান, আবুল বাশার, গাজী শহিদুল ইসলাম, প্রভাষক আশরাফুল ইসলাম, মুফতি আবু জর বিন হাফিজ, মাওলানা ইমরান হোসাইন প্রমুখ বক্তব্য দেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com