মাসুদ রায়হান যশোর জেলা প্রতিনিধিঃ | রবিবার, ২৩ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | ১৫১ বার পঠিত | পড়ুন মিনিটে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ (মণিরামপুর) আসন থেকে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী, উপজেলা বিএনপি’র সভাপতি, সাবেক পৌর মেয়র এবং বারবার নির্বাচিত ইউনিয়ন চেয়ারম্যান অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেনের পক্ষে এক বিশাল প্রচার মিছিল ও শোডাউন করেছে উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনসমূহ। রবিবার বিকেলে মণিরামপুর পৌর শহরে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপজেলার ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভার অন্তত ২০ হাজার তৃণমূল পর্যায়ের নেতাকর্মী অংশগ্রহণ করেন। এতে গোটা মণিরামপুর পৌরশহর যেন মুহূর্তেই মিছিলের নগরীতে পরিণত হয়।
ব্যাপক এই শোডাউনে অংশগ্রহণকারী নেতাকর্মী ও সমর্থকরা দেশনায়ক তারেক রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়ার প্রশংসায় স্লোগান দেন। একই সাথে, তাঁরা ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করে প্রচারণা চালান। মিছিল থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ আসনে অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেনকে বিএনপি’র মনোনয়ন দেওয়ার জোরালো দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে কর্মী-সমর্থকরা। গোটা পৌরশহর যেন ধানের শীষ প্রতীকের পক্ষে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে।
মিছিলে নেতৃত্ব দেন উপজেলা বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন নিজে। এছাড়াও বিএনপি নেতা খাইরুল ইসলাম, আব্দুল হাই, অ্যাডভোকেট মকবুল ইসলাম, মফিজুর রহমান, খান সফিয়ার রহমান, সন্তোষ স্বরসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং মিছিলের অগ্রভাগে নেতৃত্ব দেন। নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে এই প্রচার মিছিল আসন্ন নির্বাচনকে সামনে রেখে এলাকায় বিএনপি’র সাংগঠনিক শক্তি ও জনসমর্থনের এক স্পষ্ট বার্তা দিয়েছে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com