ইবি প্রতিনিধি: | সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | ৫০ বার পঠিত | পড়ুন মিনিটে
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শহীদ জিয়াউর রহমান হল, শাহ আজিজুর রহমান হল এবং সাদ্দাম হোসেন হলের ডাইনিং এর মানোন্নয়ন ও রমজানে নিরাপত্তা জোরদার সহ বিভিন্ন সমস্যা সমাধানে চার দফা দাবিতে স্মারকলিপি প্রদান করেছে শাখা ছাত্রদল।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) শাখা ছাত্রদলের পক্ষ থেকে উক্ত হল প্রভোস্টদের নিকট এ স্মারকলিপি প্রদান করেন স্ব স্ব হল ছাত্রদলের নেতাকর্মীরা। এতে ডাইনিংয়ের খাবারের মানোন্নয়ন, রমজানে ওয়াশরুমের পরিচ্ছন্নতা, আবাসিক শিক্ষার্থীদের জন্য ইফতার আয়োজন এবং রমজান ও ছুটিকালীন সময়ে নিরাপত্তা জোরদারের দাবি জানানো হয়।
ডাইনিংয়ের খাবারের গুণগত মান, পুষ্টিগুণ ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার দাবি জানিয়ে স্মারকলিপিতে বলা হয়, বর্তমান পরিবেশিত খাবার প্রত্যাশিত মানের নয়। পাশাপাশি রমজান মাসে ইবাদত ও দৈনন্দিন ব্যবহারের সুবিধার্থে হলের ওয়াশরুম ও টয়লেট নিয়মিত পরিষ্কার রাখার প্রয়োজনীয়তার কথাও স্মারকলিপিতে তুলে ধরা হয়।
স্মারকলিপিতে আবাসিক শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধির লক্ষ্যে অন্তত একদিন সম্মিলিত ইফতারের আয়োজন করার আহ্বান জানানো হয়েছে। রমজান ও ছুটিকালীন সময়ে অধিকাংশ শিক্ষার্থী হল ত্যাগ করায় নিরাপত্তা ঝুঁকি তৈরি হয় উল্লেখ করে হলের গেট নিয়ন্ত্রণ, প্রহরা বৃদ্ধি এবং সার্বিক নিরাপত্তা জোরদারের দাবি জানানো হয়।
শহীদ জিয়াউর রহমান হল প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী বলেন, ছাত্রদের দাবির প্রেক্ষিতে তৎক্ষনাৎ ডাইনিং ম্যানেজারের সাথে কথা বলেছি রমজানে খাবারের মান কোনোভাবে খারাপ না হয়। খাবার উন্নত করতে সকল ব্যবস্থা নিতে বলেছি। হলে ইফতার বিষয়ে প্রভোস্ট কাউন্সিলে আলোচনা হয়েছে, সবাই একমত হয়েছে কিন্তু এখনো তারিখ নির্ধারণ হয়নি। আর নিরাপত্তা বিষয়ে সার্বিক খোঁজখবর রাখছি।
সাদ্দাম হোসেন হল প্রভোস্ট অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদ বলেন, ছাত্রদের দাবিগুলোর প্রায় ৯০ শতাংশ আমি বাস্তবায়ন করে ফেলেছি নিজ দায়িত্বে। আমি মনে করেছি কাজগুলো করা আমার দায়িত্ব তাই করে ফেলেছি। আর ছাত্রদের নিয়ে ইফতার অবশ্যই হবে এবং তারিখ তা জানানো হবে ইনশাআল্লাহ।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com