মোশাররফ হোসেন নীলফামারী: | সোমবার, ১৮ মে ২০২৬ | প্রিন্ট | ৫০ বার পঠিত | পড়ুন মিনিটে
বাল্যবিবাহের কুফল সম্পর্কে জনসচেতনতা তৈরি করতে নীলফামারীতে অনুষ্ঠিত হয়েছে সচেতনতামূলক নাটিকা প্রদর্শনী। ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় সোমবার (১৮ মে) বাবরিঝাড় উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাপড়া সরমজানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাহাংগীর আলম শাহ। বক্তব্যে তিনি বলেন, “বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। এটি শুধু একটি মেয়ের স্বপ্ন নষ্ট করে না, সমাজের উন্নয়নকেও বাধাগ্রস্ত করে। এ বিষয়ে পরিবার ও সমাজকে আরও সচেতন হতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবরিঝাড় উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এনামুল ইসলাম। তিনি বলেন, “মেয়েদের শিক্ষার সুযোগ নিশ্চিত করা গেলে বাল্যবিবাহ অনেকাংশে কমে আসবে। শিক্ষিত সমাজ গঠনে মেয়েদের এগিয়ে নিতে হবে।”
এ সময় উপস্থিত ছিলেন চাপড়া সরমজানী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মফিজুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ওয়ার্ল্ড ভিশন নীলফামারী এপির প্রোগ্রাম অফিসার ডেভিড বাসকে। তিনি বলেন, “বাল্যবিবাহ প্রতিরোধে শুধু আইন নয়, প্রয়োজন সামাজিক সচেতনতা ও মানসিকতার পরিবর্তন।”
পরে শিক্ষার্থীদের পরিবেশনায় “শিকলে বাধা বন্যার স্বপ্ন” শীর্ষক নাটিকা মঞ্চস্থ করা হয়। নাটিকায় বাল্যবিবাহের কারণে একটি কিশোরীর স্বপ্নভঙ্গ, পারিবারিক সংকট এবং সামাজিক ক্ষতির নানা দিক তুলে ধরা হয়। নাটিকাটি উপস্থিত দর্শকদের মাঝে ব্যাপক সাড়া দেয়।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com