মো: হুমায়ুন কবির, কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি: | শনিবার, ২৩ মে ২০২৬ | প্রিন্ট | ২৭ বার পঠিত | পড়ুন মিনিটে
ঢাকার পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী শিশু রামিসা হত্যাকাণ্ডের প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে নেত্রকোনার কেন্দুয়ায় অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী সাহিত্য আড্ডা ও ভাঁজপত্র প্রকাশনা অনুষ্ঠান। শুক্রবার (২২ মে) বিকেলে কেন্দুয়া রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে উপজেলার সাংস্কৃতিক সংগঠন ‘চর্চা সাহিত্য আড্ডা’র ৫০৩তম সাপ্তাহিক আসরে “রামিসার জন্য এলিজি” শিরোনামে এ আয়োজন করা হয়। বিকেল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এ আয়োজনে কবি, সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীদের অংশগ্রহণে প্রতিবাদ, শোক ও মানবিক সংহতির এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। অনুষ্ঠানের শুরুতেই “রামিসার জন্য এলিজি” নামে প্রকাশিত বিশেষ ‘ভাঁজপত্র’-এর মোড়ক উন্মোচন করা হয়। চর্চা সাহিত্য আড্ডার সমন্বয়কারী রহমান জীবনের সঞ্চালনায় অনুষ্ঠানে মধ্যমণি হিসেবে উপস্থিত ছিলেন কবি মো. জহিরুল হক খান।
আলোচক হিসেবে বক্তব্য দেন লোকসংস্কৃতি গবেষক রাখাল বিশ্বাস, চর্চা সাহিত্য আড্ডার উপদেষ্টা কবি মির্জা রফিকুল হাসান, সাংবাদিক মামুনুর রশিদ মামুন এবং আবুল কাশেম আকন্দ। আড্ডায় শিশু রামিসাকে উৎসর্গ করে কবিতা পাঠ করেন কবি মাহবুবা খান দীপান্বিতা, কবি অধীন ওয়াদুদ মস্তান, কবি খাঁন কাশেম ও কবি হোসেন আরমান। বক্তারা বলেন, শিশু রামিসার মর্মান্তিক মৃত্যু শুধু একটি পরিবারের নয়, পুরো সমাজের বিবেককে নাড়া দিয়েছে। তারা এ হত্যাকাণ্ডের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন এবং শিশু নির্যাতন ও সহিংসতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত কবি ও সংস্কৃতিকর্মীরা শিশু রামিসার আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com