ফরিদপুর জেলা প্রতিনিধি: | মঙ্গলবার, ০৬ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | ৮৭ বার পঠিত | পড়ুন মিনিটে
ফরিদপুরের সদরপুর উপজেলায় বিএনপির অন্তত ১০–১২ জন নেতাকর্মীর বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে সাবেক আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। সোমবার (৫ জানুয়ারি) রাতে সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সোমবার রাতে কৃষ্ণপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে একদল ব্যক্তি বিএনপি সমর্থকদের বাড়িঘরে হামলা চালায়। অভিযোগ রয়েছে, ইউনিয়ন আওয়ামী লীগের চেয়ারম্যান আখতারুজ্জামান তিতাসের সমর্থকরা এই হামলায় জড়িত ছিলেন।
ভুক্তভোগীদের অভিযোগ অনুযায়ী, ওই এলাকার সেন্টু কাজী, জামাল কাজী ও সুমন কাজীর নেতৃত্বে ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান শিকদারের বাড়িসহ অন্তত ১০–১২ জন বিএনপি সমর্থকের বাড়িতে হামলা ও লুটপাট করা হয়। হামলার সময় ঘরে থাকা স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ নিয়ে যায় বলে তারা দাবি করেন।
হামলার শিকার কয়েকজন জানান, যারা তাদের বাড়িতে হামলা ও লুটপাট চালিয়েছে, তারা কিছুদিন আগে আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দিয়েছেন বলে হামলার সময় জানানো হয়। এতে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এখনো কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের দাবি, দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও অবনতি হতে পারে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com