শফিকুল ইসলাম বাদল ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: | রবিবার, ০৫ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | ৫৫ বার পঠিত | পড়ুন মিনিটে
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সিজারিয়ান অপারেশনের পর রাকিবা আক্তার (২২) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ স্বজনরা হাসপাতালে ভাঙচুর চালিয়েছে।শনিবার মধ্যরাতে নবীনগর উপজেলা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে অবস্থিত আহমেদ প্রাইভেট ক্লিনিকে এ ঘটনা ঘটে। জানা যায়, রাত সাড়ে ১২টার দিকে প্রসব ব্যথা উঠলে রাকিবাকে ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক ডা. সৈয়দ কামরুজ্জামানের তত্ত্বাবধানে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একটি পুত্র সন্তানের জন্ম হয়।
অপারেশনের কিছুক্ষণ পর রাত আড়াইটার দিকে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে অন্যত্র নেওয়ার উদ্যোগের সময় স্বজনরা বুঝতে পারেন, তার মৃত্যু হয়েছে। নবজাতক শিশুটি সুস্থ রয়েছে।স্বজনদের অভিযোগ, অদক্ষ চিকিৎসকের মাধ্যমে অপারেশন করায় রাকিবার মৃত্যু হয়েছে। তারা আরও অভিযোগ করেন, বিষয়টি গোপন রেখে রোগীকে দ্রুত সরিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। রোগীকে অ্যাম্বুলেন্সে তোলার পর চিকিৎসক ও কর্মচারীরা হাসপাতাল ত্যাগ করেন।এ ঘটনায় ক্ষুব্ধ স্বজনরা রাত ও রবিবার সকালে দুই দফায় হাসপাতালে ভাঙচুর চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব কান্তি নাথ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com