চৌহালী প্রতিনিধি। | বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | ২৬ বার পঠিত | পড়ুন মিনিটে
সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় যমুনা নদী থেকে অবৈধ বালি উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে স্থানীয় জনগণ। আজ বুধবার (০৩ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১০টায় চৌহালী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে চৌহালী যমুনা নদীর পূর্ব পাড়ের বিভিন্ন এলাকার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে অবৈধভাবে বালি উত্তোলনের ফলে নদীভাঙন, ফসলি জমি ধ্বংস ও পরিবেশগত ক্ষতির বিষয়টি তুলে ধরে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
এ সময় চৌহালী উপজেলা নির্বাহী অফিসার এইচ এম খোদাধাদ হোসেন অবৈধ বালি উত্তোলনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। এরপর বিক্ষোভকারীরা একটি মিছিল বের করেন। মিছিলটি চৌহালী উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌহালী ডিগ্রি কলেজ মাঠে গিয়ে শেষ হয়। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রভাবশালী একটি মহল অবৈধভাবে যমুনা নদী থেকে বালি উত্তোলন করে আসছে। এতে নদীর তীরভাঙন বেড়ে গেছে এবং বসতবাড়ি ও আবাদি জমি হুমকির মুখে পড়েছে। দ্রুত অবৈধ বালি উত্তোলন বন্ধ না হলে আরো কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com