নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: | রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট | ১১৮ বার পঠিত | পড়ুন মিনিটে
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিষ্ঠিত কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুলের শ্রেণি সমাপনী ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘আজকের এই শ্রেণি সমাপনী ও বিদায় অনুষ্ঠান তোমাদের পরবর্তী জীবনে মাইলফলক হিসেবে থাকবে। প্রাথমিকের গন্ডি পেরিয়ে আজ তোমরা মাধ্যমিকের জন্য আরেক প্রতিষ্ঠানে যাচ্ছ। তোমরা সেখানেও মনোযোগের সাথে লেখা-পড়া করে ভালো ফলাফল করবে বলে আশা করছি। তবে ভবিষ্যতে তোমাদের আর এই প্রতিষ্ঠান থেকে প্রাথমিকের পরেই যেন বিদায় নিতে না হয় সেই ব্যবস্থা করার চেষ্টা করছি। স্কুল এন্ড কলেজের জন্য নতুন ভবনের কাজ দ্রুত সময়ের মধ্যে সম্পন্নের জন্য নির্দেশ দিয়েছি। কাজ শেষ হলেই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক চালু করা হবে।’ তিনি স্কুলের বিদ্যমান বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানেরও আশ্বাস দেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সদস্য-সচিব ও বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স)।
স্বাগত বক্তব্য দেন কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোসা. লুপা খাতুন এবং সঞ্চালনা করেন স্কুলের সহকারী শিক্ষক রোকাইয়া আক্তার।
অভিভাবকদের পক্ষ হতে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক মো. মাইন উদ্দিন। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করেন জারীন হাদীকা।
অনুষ্ঠানে প্রধান অতিথি বিদায়ী শিক্ষার্থীদের হাতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা ‘সঞ্চিতা’ বই তুলে দেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com