আনোয়ার হোসেন | সোমবার, ১৪ এপ্রিল ২০২৫ | প্রিন্ট | ৯৮ বার পঠিত | পড়ুন মিনিটে
বাঙালির জীবনচক্রে প্রকৃতির মেজাজি সন্তান বৈশাখ যেন অনিবার্য। তাইতো এবারের পহেলা বৈশাখও এসেছে ভিন্ন রূপে। এ বৈশাখ শুধু ক্যালেন্ডারের পাতা উল্টে নতুন বছর শুরু করার নয়, এ একটি নতুন সময়ের সূচনা। আজ সোমবার পহেলা বৈশাখ; বাংলা নববর্ষ ১৪৩২-এর প্রথম দিন। গাইবান্ধায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বরণ করা হলো বাংলা নববর্ষ ১৪৩২। কর্মসূচির মধ্যে ছিল আনন্দ শোভাযাত্রা, শিশুদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা, সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ। এ উপলক্ষে সকালে স্থানীয় পৌরপার্ক থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমেদ, পুলিশ সুপার নিশাত এঞ্জেলা নেতৃত্বে আনন্দ শোভাযাত্রায় অংশ নেন, জেলা বিএনপির সভাপতি ডা. ময়নুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুলসহ অন্যান্যরা। শোভাযাত্রায় শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান অংশ নেয়। পরে স্বাধীনতা প্রাঙ্গনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বেলুন উড়িয়ে বর্ষবরণ উৎসব উদ্বোধন করেন, গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ।
এরপর জেলা শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের অর্ধশতাধিক শিল্পী জাতীয় সংগীতসহ ‘এসো হে বৈশাখ এসো এসো’ গান পরিবেশন করে। এছাড়া শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন সংগঠন-এর শিল্পীরা নৃত্যসহ গান পরিবেশন করে। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। নববর্ষ উপলক্ষে স্বাধীনতা প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে দু’দিনব্যাপী বৈশাখী মেলা। মেলায় বসেছে ৪০ টি স্টল। এদিকে, আদিবাসী ও বাঙালি সম্প্রদায়ের সম্মিলনে উদযাপন করা হয়েছে বাংলা নববর্ষ। জনউদ্যোগের আয়োজনে সকাল ১১টায় শহরের ডাকবাংলো মোড় থেকে একটি শোভাযাত্রা বের হয়। এটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ ছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বিভিন্ন এনজিও, শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠনসহ জেলার উপজেলা প্রশাসন পৃথক পৃথকভাবেও দিবসটি পালন করে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com