আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ | মঙ্গলবার, ২৭ মে ২০২৫ | প্রিন্ট | ৩৮৫ বার পঠিত | পড়ুন মিনিটে
থামছেই না মৃত্যুর মিছিল। প্রতিদিনই সড়ক দুর্ঘটনায় ঘটছে মৃত্যুর ঘটনা। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা হচ্ছেন পরিবারের সদস্যরা। দেশ হারাচ্ছে তার মেধাবী নাগরিককে। আবার কোনো কোনো দুর্ঘটনা গোটা জাতিকে করছে মর্মাহত। দুর্ঘটনায় পথে বসছে হাজারো পরিবার।
একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, এই অনুভূতিটুকু আজো চালকদের হৃদয়ে আঘাত করতে পারেনি। ফলে সড়কে দিন দিন বেড়েই চলছে দুর্ঘটনার মিছিল। এমনি একটি ঘটনা গাইবান্ধায় বাসের চাপায় পিতাকে হারিয়ে থামছে না বাকরুদ্ধ দুই সন্তানের আহাজারি।
হে আল্লাহ তুমি আমার আব্বুর জীবন ভিক্ষা দাও। স্ত্রীর আর্তনাদ হে আল্লাহ তুমি আমার স্বামীকে ফিরিয়ে দাও। তুমি কি শুনবে না আমাদের কান্না? দুই সন্তানসহ স্ত্রীর কান্নায় চোখের পানি যেন শুকিয়ে গেছে। এমন আর্তনাদে আকাশ-বাতাস যেন ভারি হয়ে উঠছে বাসের চাপায় নিহত রিকশা চালক মিলন ব্যাপারির পরিবারে। শোকে আবেগঘন হয়ে পড়েছে এলাকার পরিবেশ।
সোমবার (২৬ মে) বিকালের দিকে এ দূর্ঘটনা ঘটে জেলার গোবিন্দগঞ্জ পৌরসভার বোয়ালিয়া এলাকায় চক্ষু হাসপাতালের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে।
নিহত মিলন ব্যাপারি (৩০) উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের পুনতাইড় ফকিরপাড়া গ্রামের মৃত মোসলেম উদ্দিন ব্যাপারির ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সোমবার বিকালে বোয়ালিয়া হতে দুইজন যাত্রী নিয়ে পৌর শহরের দিকে যাচ্ছিলেন রিকশা চালক মিলন। পথিমধ্যে পেকস চক্ষু হাসপাতালের সামনে রংপুর থেকে শেরপুরগামী সিমান্ত এক্সপ্রেস (ঢাকা মেট্রো-ব ১২-২০৪২) বাস পিছন থেকে রিকশাটিকে ধাক্কা দেয়। এতে রিকশাটি উল্টে গিয়ে যাত্রীসহ চালক মহাসড়কের উপর ছিটকে পড়ে। এসময় পিছন থেকে আসা রংপুর থেকে রাজশাহীগামী পথের সাথী নামক একটি বাস (ঢাকা মেট্রো-ব ১২-০৪১৩) ওভারটেকিং করতে গিয়ে রিকশা চালক মিলনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মিলন ব্যাপারি নিহত হন। পরে আহত দুই যাত্রী গোলাপবাগ মহিলা দাখিল মাদ্রাসার সুপার শামছুল হক ও আশরাফুল ইসলামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, ঘাতক বাস দু’টি আটক করে হাইওয়ে থানায় আনা হয়েছে। তবে ঘটনার পরপরই ড্রাইভার ও হেলপার পালিয়ে গেছে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
সচেন মহলের দাবী, সংশ্লিষ্টদের দায়িত্বশীলতা এবং মানুষের একটু সচেতনতা সড়ক দুর্ঘটনা অনেকাংশেই বন্ধ করতে পারে এবং বাঁচাতে পারে হাজারো মানুষের জীবন। সড়ক দুর্ঘটনা রোধে সবাইকে এগিয়ে আসতে হবে। এতে রক্ষা পাবে হাজারো মানুষের জীবন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com