আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ | মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫ | প্রিন্ট | ১০২ বার পঠিত | পড়ুন মিনিটে
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকের ধাক্কায় ১৯ দিনের ১ শিশুসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। এতে গুরতর আহত হয়েছেন অন্তত ৫ জন।
মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর ২ টার দিকে উপজেলার মৌসুমী নামক তেলের পাম্পের সামনের সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম।
নিহতরা হলেন- পেয়ারাপুর দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার জাহিদুল ইসলাম জাহিদ (৫৫)। তিনি গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের জাঙ্গালপাড়া গ্রামের মৃত সিরাজ মণ্ডলের ছেলে। একই উপজেলার আজাহার ইউনিয়নের মৃত ওসমান গনির ছেলে নূরনবী মহুরি (৫০)। এছাড়া ১৯ দিনের শিশু পরাগ বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার মোকসেদ আলী ও রুপালি বেগম দম্পতির সন্তান।
স্থানীয়দের বরাতে ওসি বলেন, গোবিন্দগঞ্জের দিকে যাচ্ছিলো একটি যাত্রীভর্তি অটোরিকশা। অটোরিকশাটি মৌসুমি তেলের পাম্পের সামনে পৌঁছলে একই দিকে যাওয়া একটি ট্রাক অটোরিকশাটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমরে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয় এবং আহত অন্তত ৫ জন।
ওসি আরও বলেন, স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক।
এছাড়া নিহত শিশু পরাগের মা গুরুতর আহত এবং চালক পালিয়ে গেলেও ট্রাকটি আটক করা হয়েছে বলেও জানান ওসি।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com