আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ | সোমবার, ১৮ আগস্ট ২০২৫ | প্রিন্ট | ৬১ বার পঠিত | পড়ুন মিনিটে
“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি”-এই প্রতিপাদ্যে সারাদেশের মতো গাইবান্ধাতেও জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে। দিবসটি পালনে সোমবার (১৮ আগস্ট) জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর যৌথভাবে এ আয়োজনে আগামী ২৪ আগস্ট পর্যন্ত এ মৎস্য সপ্তাহ পালন করা হবে। গাইবান্ধা পৌরপার্ক পুকুরে মৎস্য অবমুক্ত করনের মধ্য দিয়ে এ মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ। এ উপলক্ষে সকালে শহরের স্বাধীনতা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এতে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও অংশীজনরা অংশ নেন। র্যালিটি বিভিন্ন সড়ক ঘুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। গাইবান্ধা জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবদুর রাশেদ এর সভাপতিত্বে ও মৎস্য বীজ উৎপাদন খামারের খামার ব্যবস্থাপক মোস্তফা কামাল এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ।
বিশেষ অতিথি অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপ-পরিচালক খোরশেদ আলম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুর রাজ্জাক, জেলা মৎস্যজীবী দলের সভাপতি শামীম আহম্মেদ পলাশ। সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, গাইবান্ধা সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মারজান সরকার, ক্ষুদ্র মৎস্যজীবী প্রতিনিধি আব্দুস সবুর আহমদ, নিউ ব্রীজ রোডের পল্লী মৎস্য খামারের স্বতাধিকারী ইশতিয়াক উদ্দিন শাদিল প্রমুখ। এসময় বক্তারা বলেন, দেশের পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক সমৃদ্ধিতে মৎস্য খাতের অবদান অনন্য।
বর্তমানে গাইবান্ধার বিভিন্ন পুকুর, খাল-বিল ও নদ-নদীতে মাছ চাষে উল্লেখযোগ্য সাফল্য এসেছে। পাশাপাশি নতুন প্রযুক্তি ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এ খাত আরও এগিয়ে যাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। দেশি প্রজাতির মাছ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধিতে সরকার নানা কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে উল্লেখ করে বক্তরা বলেন, জাতীয় মৎস্য সপ্তাহের প্রতিপাদ্য বাস্তবায়নে সম্মিলিত প্রচেষ্টা জরুরি। এর মাধ্যমে দেশি মাছের উৎপাদন বৃদ্ধি পাবে, পুষ্টি নিরাপত্তা নিশ্চিত হবে এবং জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। আলোচনা শেষে প্রধান অতিথিসহ বিশেষ অতিথি বৃন্দ শ্রেষ্ঠ মৎস্য চাষিদের হাতে ক্রেষ্ট ও সনদ তুলে দেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com