আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ | শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫ | প্রিন্ট | ৪৮ বার পঠিত | পড়ুন মিনিটে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বালু উত্তোলনকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাংবাদিকসহ ১০ জন আহত হয়েছে।
শুক্রবার (২৯ আগষ্ট) উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, মহিমাগঞ্জ ইউনিয়ন বিএনপি’র নব-নির্বাচিত সভাপতি আবু সুফিয়ান সুজা ও ইউনিয়ন বিএনপি’র সাবেক সদস্য সচিব নাজিম উদ্দিন আলমের মধ্যে নদী থেকে বালু উত্তোলনকে কেন্দ্র করে বেশ কিছু দিন ধরে বিরোধ চলে আসছিল। তারা দু’জনই ওই ইউনিয়নের গোপালপুর গ্রামের বাসিন্দা। আজ শুক্রবার জুম্মার নামাজের পর বিবাদমান ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের লোকজনের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপসহ লাঠিসোঠা নিয়ে সংঘর্ষ বাধে। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের মধ্যে চলমান সংঘর্ষ নিয়ন্ত্রনে আনে। এ ঘটনার খবর সংগ্রহ করতে গিয়ে এনটিভি অনলাইনের প্রতিনিধি খাইরুল বাশার (৩২) ইট-পাটকেলের আঘাতে আহত হয়েছেন। আহতদেরকে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে আবু সুফিয়ান সুজা ও নাজিম উদ্দিন আলমের সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তাদের ফোন বন্ধ পাওয়া যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত (শুক্রবার সন্ধ্যে সাড়ে ৭টা) ওই গ্রামে থমথমে অবস্থা বিরাজ করছে।
সংঘর্ষের বিষয়ে জানতে চাইলে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম জানান, খবর পেয়ে গোপালপুর গ্রামে পুলিশ পাঠানোর পর সেখানকার পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রনে আনে। এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি; তবে অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com