তানভীর ইসলাম আলিফ হোমনা (কুমিল্লা) প্রতিনিধি: | বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | ৪৩ বার পঠিত | পড়ুন মিনিটে
কুমিল্লার হোমনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহানবী হযরত মোহাম্মদ (সা.) সম্পর্কে কটুক্তি করার অভিযোগে মহসিন (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে তাকে উপজেলার আছাদপুর ইউনিয়নের আছাদপুর গ্রামের ফকির বাড়ি থেকে আটক করা হয়। তিনি ওই গ্রামের আলেকশাহর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, “বেমজা মহসিন” নামের ফেসবুক আইডি থেকে বুধবার সকাল ১০টা ৫২ মিনিটে মহানবী (সা.)-কে নিয়ে অবমাননাকর পোস্ট দেন মহসিন। এর আগে গত ২৯ আগস্ট একই আইডি থেকে তিনি আছাদপুর ফকির বাড়ি ও মাজারকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন।
ঘটনার পরপরই এলাকায় ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। আলেম সমাজ ও স্থানীয় মুসল্লিরা থানায় জড়ো হয়ে বিক্ষোভ করেন এবং মহসিনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান। তবে পুলিশের তাৎপর্যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, “মহানবী (সা.) নিয়ে কটুক্তিকারী মহসিনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় শরিফুল নামে এক ব্যক্তি বাদী হয়ে মামলা করেছেন। আসামিকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে।”
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com