মোঃ রাহিজুল ইসলাম, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি | সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | ৩০ বার পঠিত | পড়ুন মিনিটে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অভিযান চালিয়ে ১৪২ পিস ইয়াবাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গ্রেপ্তারকৃত নারীর নাম সাজিয়া বেগম (৪২)। তিনি উপজেলার আন্ধারিঝাড় ইউনিয়নের খামার আন্ধারিঝাড় গ্রামের কাঁকড়া মোড় এলাকার বাসিন্দা এবং আসাব আলীর স্ত্রী। সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিএনসির একটি টিম কাঁকড়া মোড়ে অবস্থিত সাজিয়া বেগমের পরিচালিত একটি হোটেলে অভিযান চালায়। অভিযানে হোটেলের ভেতর থেকে ৮২ পিস ইয়াবাসহ সাজিয়াকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী একই দিনে তার বাড়িতে তল্লাশি চালানো হয়।
সেখান থেকে আরও ৬০ পিস ইয়াবা ও নগদ ৯৬০ টাকা উদ্ধার করা হয়। সব মিলিয়ে মোট ১৪২ পিস ইয়াবা জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় সাজিয়া বেগমকে গ্রেপ্তার করে ভূরুঙ্গামারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার বিষয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবু নায়েব মো. কাজী নুরুন্নবী বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। এই ধরনের অভিযান নিয়মিত চলবে।” ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com