মো:লিমন মিয়া উপজেলা প্রতিনিধি: | রবিবার, ০৫ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | ৯৮ বার পঠিত | পড়ুন মিনিটে
গাইবান্ধার পলাশবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে ‘চয়েস টু চেঞ্জ অব হিন্দু’ ফাউন্ডেশনের এক অনুপ্রেরণামূলক সমাবেশ।
শনিবার (৪ অক্টোবর) উপজেলার হোসেনপুর ইউনিয়নের মধ্যরামচন্দ্রপুরে স্থাপিত মনোরম শ্রী শ্রী রাধাগোবিন্দ ও কালী মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সমাবেশে ধর্মীয়, সামাজিক ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার আহ্বান জানানো হয়।
সমাবেশে ফাউন্ডেশনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য রাখেন মন্দির ও ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শ্রী হরিদাস বাবু।
তিনি বলেন, “চয়েস টু চেঞ্জ অব হিন্দু কোনো বিভেদের নাম নয়—এটি আত্মচেতনা, মানবিকতা ও নৈতিকতার নবজাগরণের একটি উদ্যোগ। ধর্ম মানে কেবল আচার নয়; এটি জীবনের সঠিক পথ খুঁজে পাওয়ার শিক্ষা। সমাজে যে অনৈতিকতা, ভোগবাদ আর হানাহানি বেড়েছে, তা রোধে আমাদের প্রত্যেককে আত্মার শক্তিতে জাগ্রত হতে হবে।”
তিনি আরও বলেন, “আমরা চাই একটি সচেতন সমাজ—যেখানে মানুষ একে অপরের প্রতি সহমর্মী হবে, মন্দির হবে শান্তির স্থান, আর ফাউন্ডেশনের সদস্যরা সমাজে ন্যায়, সত্য ও কল্যাণের দৃষ্টান্ত স্থাপন করবে।”
দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত বিপুল সংখ্যক সদস্য ও ভক্তবৃন্দ সমাবেশে উপস্থিত ছিলেন। তারা নিজেদের অভিজ্ঞতা, সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে বক্তব্য রাখেন।
সমাবেশে ফাউন্ডেশনের সদস্যদের সার্বিক কল্যাণ, সামাজিক পুনর্গঠন ও ধর্মীয় ঐক্য জোরদারে বিশেষ গুরুত্ব দেয়া হয়। শেষে সমবেত প্রার্থনার মধ্য দিয়ে সমাবেশের পরিসমাপ্তি ঘটে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com