ইবি প্রতিনিধি | শনিবার, ০১ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | ৯২ বার পঠিত | পড়ুন মিনিটে
ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজায় বিশুদ্ধ পানির তীব্র সংকট নিরসনের উদ্যোগ নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কয়েকজন শিক্ষার্থী। Hands For Humanity (পূর্ব নাম Hands For Gaza Foundation) এর উদ্যোগে সম্প্রতি গাজার উত্তরাঞ্চলে একটি ওয়াটার প্রজেক্ট সফলভাবে বাস্তবায়ন করেছে সংগঠনটি। শনিবার (১ নভেম্বর) ‘হ্যান্ডস ফর হিউম্যানিটি ’ এর প্রধান মো. রায়হান কবির এতথ্য নিশ্চিত করেন। জানা যায়, গাজায় পানি সংকট নিরসনে আরবি ভাষা ও সাহিত্য বিভাগের কয়েকজন শিক্ষার্থী মো. ইয়াসিন আরাফাত, জহিরুল ইসলাম, মাহাদি হোসেন, আলিনূর রহমান বাঁধন, ইশতিয়াক আহমেদ, রোকনুজ্জামান হুমাইদি, সাজ্জাদ হোসেন তামিম, আশরাফুল ইসলাম, নাঈম হাসান, জাহিদ হাসান, মসুদ রানা ও সৌরাভ হোসেন প্রকল্পের উদ্যোগ নেন। অক্টোবর ২০২৫-এ বাস্তবায়িত এই প্রকল্পের মাধ্যমে ৩,০০০ লিটার বিশুদ্ধ পানি বিতরণ করা হয়, যার মাধ্যমে প্রায় ৫০০ জন উপকারভোগী সহায়তা পান। প্রকল্পটি বাস্তবায়নে ২৪০ মার্কিন ডলার ব্যয় হয়, যা সংগঠনের সদস্য ও বিভিন্ন শুভাকাঙ্ক্ষী ব্যক্তির সহযোগিতায় সংগৃহীত হয়েছে।
সংগঠনটির প্রধান মো. রায়হান কবির জানান, ‘ফিলিস্তিনের অসহায়, ক্ষুধার্ত ও পিপাসার্ত মানুষের কষ্ট লাঘবের লক্ষ্যে তারা এই উদ্যোগ নেন। এর আগে সংগঠনটি গাজায় দুটি খাদ্য সহায়তা প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করেছি। আমরা আগের দুটি ফুড প্রজেক্ট বাস্তবায়ন করেছি। এবার গাজার মানুষের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থার উদ্যোগ নিই এবং আলহামদুলিল্লাহ তা সফলভাবে সম্পন্ন হয়েছে।’ সংগঠনটির নাম পরিবর্তন প্রসঙ্গে রায়হান কবির জানান, ‘আমরা আগে Hands For Gaza Foundation নামে কাজ করতাম। তবে কাজকে আরও সার্বজনীন ও বিস্তৃত করতে উপদেষ্টা পরিষদ ও সদস্যদের পরামর্শে নাম পরিবর্তন করে Hands For Humanity রাখা হয়েছে।’ তিনি আরও বলেন, সংগঠনটিকে স্থায়ী কাঠামো দিতে গঠনতন্ত্র প্রণয়নসহ আনুষ্ঠানিক কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে রয়েছে। যারা সময়, অর্থ ও পরামর্শ দিয়ে আমাদের পাশে ছিলেন, আমরা তাদের আন্তরিক ধন্যবাদ জানাই। ইনশাআল্লাহ ভবিষ্যতেও মানবতার সেবায় আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।’ উল্লেখ্য এর আগে গত ১৭ সেপ্টেম্বর জরুরী খাদ্য সহায়তার অংশ হিসেবে গাজায় পৃথক দুটি প্রকল্প বাস্তবায়ন করে। যার মোট ব্যয় ছিলো ১৩০০ মার্কিন ডলার। এতে প্রায় ২৫ টি পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হয় এবং ১৫০ জন গাজাবাসী খাদ্য সহায়তা পায়।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com