নিজস্ব প্রতিবেদক: | রবিবার, ০২ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | ১৮৮ বার পঠিত | পড়ুন মিনিটে
ঢাকা, ১ নভেম্বর ২০২৫ তরুণ প্রজন্মের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং সাইবার সিকিউরিটি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও জ্ঞান বিনিময়ের লক্ষ্যে ইয়ুথ ফাউন্ডেশন অফ বাংলাদেশ (YFB) কর্তৃক আয়োজিত বিশেষ প্রযুক্তি কর্মশালাটি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) প্রাঙ্গণে সফলভাবে সম্পন্ন হয়েছে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে আগত বিপুল সংখ্যক শিক্ষার্থী এই জ্ঞানগর্ভ কার্যক্রমে অংশ নেন।
শনিবার সফলভাবে অনুষ্ঠিত এই কর্মশালার মূল লক্ষ্য ছিল উদ্ভাবন ও টেকসই উন্নয়নে প্রযুক্তির রূপান্তরমূলক ভূমিকা তুলে ধরা। অংশগ্রহণকারীরা আধুনিক প্রযুক্তির ব্যবহারিক দিক এবং ডিজিটাল নিরাপত্তা সম্পর্কিত গুরুত্বপূর্ণ ধারণা অর্জন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম, ডিন, ফ্যাকাল্টি অফ এনিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। বিশেষ অতিথি ছিলেন ড. মো. আসহাবুল হক, প্রফেসর, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারাল বোটানি, ফ্যাক্টাল্টি অফ এগ্রিকালচার, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোহাম্মদ সাফি উল আলম, ফাউন্ডার প্রেসিডেন্ট, ইয়ুথ ফাউন্ডেশন অফ বাংলাদেশ (YFB)।
প্রধান অতিথি প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম তাঁর বক্তব্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-এর সঠিক এবং নৈতিক ব্যবহারের উপর বিশেষভাবে জোর দেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “এআই একটি শক্তিশালী হাতিয়ার, তবে এর সদ্ব্যবহার নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব। তোমরা ভবিষ্যতে যেখানেই কাজ করো না কেন, অর্জিত জ্ঞান ও দক্ষতা দেশের কল্যাণে অবশ্যই প্রয়োগ করবে।” এছাড়াও তিনি চিকিৎসা এবং কৃষি খাতে এআই-এর ব্যবহারিক দিকগুলো তুলে ধরেন।
মোহাম্মদ সাফি উল আলম বলেন, “এআই এবং সাইবার সিকিউরিটির এই সমন্বিত জ্ঞান তরুণদের কেবল বিশ্বমানের পেশাজীবী হিসেবে গড়ে তুলবে না, বরং দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে উদ্ভাবনী সমাধান নিয়ে আসতেও সাহায্য করবে।”
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ রাজীব উল করিম, চিফ টেকনিক্যাল অফিসার, শীতল ব্রডব্যান্ড এবং মেন্টর (CCNA, CEH, Python)। বর্তমানে তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব হার্টফোর্ডশায়ারে পিএইচডি করছেন। তিনি শিক্ষার্থীদের হাতে-কলমে বেসিক এআই এবং সাইবার সিকিউরিটির গুরুত্বপূর্ণ দিকগুলো সম্পর্কে ধারণা দেন। প্রশিক্ষণ পর্বে সহযোগিতা করেন মোহাম্মদ নাসের, সাবেক অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (দীপ্ত টিভি) এবং ক্রিয়েটিভ ম্যানেজার, ইয়ুথ ফাউন্ডেশন অফ বাংলাদেশ (YFB)।
ইয়ুথ ফাউন্ডেশন অফ বাংলাদেশের এই আয়োজনে সহযোগিতা করেছে আমরাই আগামী এবং এনভায়রনমেন্টাল শেপার্স নেটওয়ার্ক। জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের এই অনন্য সুযোগ শেষে সফলভাবে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে প্রিন্টেড সার্টিফিকেট তুলে দেওয়া হয়।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এই কর্মশালা অংশগ্রহণকারীদের নতুন উদ্ভাবন এবং নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিত করতে সহায়ক হবে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com