আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ | রবিবার, ০২ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | ৫৬ বার পঠিত | পড়ুন মিনিটে
গাইবান্ধার সুন্দরগঞ্জে গরু চোর সন্দেহে আব্দুস সালাম (৫০) নামের এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুলালী বেগম (৪৩) নামের এক নারীকে আটক করেছে পুলিশ।
শনিবার (১ নভেম্বর) সকালে সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নের বেলকা নবাবগঞ্জ গ্রামের তিস্তার চরে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুস সালাম একই ইউনিয়নের রামডাকুয়া গ্রামের ওমেদ আলীর ছেলে। আটক দুলালী বেগম বেলকা নবাবগঞ্জ গ্রামের আব্দুল গণি মিয়ার স্ত্রী।
স্থানীয়রা জানান, শ্রক্রবার দিবাগত রাতে আড়াইটার দিকে আটক ওই নারীর গোয়াল ঘরে প্রবেশ করেন আব্দুস সালাম। এ সময় ওই নারী বিষয়টি টের পেয়ে স্বামী গণি মিয়াকে অবগত করেন। গণি মিয়া গোয়াল ঘরে মানসিক ভারসাম্যহীন সালামকে দেখতে পান। এরপর দুলালী বেগম আশপাশের লোকজন ও আত্মীয়-স্বজনদের খবর দেন। তারা এসে সালামকে রশি দিয়ে বেঁধে বেধড়ক মারধর শুরু করেন। ভোরের দিকে আবারো গণি মিয়ার ভাই আব্দুল গফুরের গোয়াল ঘরে সালামকে নিয়ে আবারও নির্মমভাবে নির্যাতন চালানো হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে সুন্দরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, আব্দুস সালাম দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। হাট-বাজারে গিয়ে মানুষের কাছে হাত পেতে খেতেন।
তারা দাবি করেন, সালামকে পরিকল্পিতভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তির ছোট তিনটি ছেলে সন্তানও রয়েছে, বাবাকে হারিয়ে তারাও এখন বাকরুদ্ধ ।
অভিযুক্ত আব্দুল গণি মিয়া বলেন, কয়েক দিন আগে আমার একটি শ্যালো মেশিন হারিয়েছে। রাতে যখন গোয়ালে গিয়ে সালামকে দেখতে পাই, তখন প্রতিবেশী ও আত্মীয়-স্বজনকে খবর দিই। পরে তারা এসে মারধর করেছে।
সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল হাকিম আজাদ গণমাধ্যমে জানেন ,ঘটনাটির তদন্ত চলছে। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com