আসাদুজ্জামান তালুকদার | বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | ৫৩ বার পঠিত | পড়ুন মিনিটে
নেত্রকোণায় পাড়া মহল্লায় চলছে অবৈধ বিদ্যুৎ চুরির মহোৎসব। ব্যাডমিন্টন খেলার নামে পাড়ায় মহল্লায় অসংখ্য বিদ্যুৎ সংযোগের লাইন নামানো হয়েছে। এসব লাইন সরকারি বৈদ্যুতিক খুঁটি থেকে নামিয়ে কোন মিটার ছাড়াই ব্যাডমিন্টন মাঠে সংযোগ করা হচ্ছে।
অনেক ক্ষেত্রে অনভিজ্ঞ শিশু কিশোররা এসব সংযোগ নামাচ্ছে। যার ফলে অরক্ষিত অবস্থায় থাকা সংযোগ গুলো থেকে বিভিন্ন ধরনের দূর্ঘটনার সূত্রপাত হচ্ছে। তাছাড়া দেশের বিভিন্ন স্থানে ইতিমধ্যেই অরক্ষিত বিদ্যুৎ সংযোগ দিয়ে ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে হতাহতের খবরও পাওয়া যাচ্ছে।
নেত্রকোণা জেলা শহরের নাগড়া, সাতপাই, কুড়পারসহ বিভিন্ন পাড়া মহল্লায় এসব অবৈধ বিদ্যুৎ সংযোগের ছড়াছড়ি লক্ষ্য করা গেছে।
এনিয়ে স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানান, বিদ্যুৎ অফিসের নানা অব্যবস্থাপনায় যেখানে গ্রাহকদের ভোগান্তি চরমে সেখানে নতুন করে মরার উপর খাড়ার ঘা হিসেবে আবির্ভূত হয়েছে ব্যাডমিন্টন মাঠগুলোর অবৈধ বিদ্যুৎ সংযোগ। এগুলোর একেকটি সংযোগে যে পরিমাণ বিদ্যুৎ খরচ হয়, তা কয়েকটি বাসাবাড়িতে মিলিয়েও খরচ হয় না। বছরের প্রায় মাসেই আমাদের উপর লোড বিলের চাপ পড়ে, গুনতে হয় বাড়তি বিদ্যুৎ বিল। এসব অবৈধ বিদ্যুৎ সংযোগের লোডও তো আমাদের উপরই পরে। অথচ বিদ্যুৎ অফিসের নেই কোন তদারকি। বরঞ্চ, বিদ্যুৎ অফিসের কতিপয় কর্মকর্তা কর্মচারীর যোগসাজশেই এসব সংযোগ দেওয়া হয় বলে শুনি। আমরা এসবের প্রতিকার চাই।
এবিষয়ে জানতে চাইলে নেত্রকোণা পিডিবির নির্বাহী প্রকৌশলী সালাহ উদ্দিন বুধবার (১৭ ডিসেম্বর) বেলা ১টা নাগাদ জানান, এবিষয়ে খোঁজ নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত , নেত্রকোণা পিডিবির আওতাধীন এলাকায় আবাসিক গ্রাহক ৫৪ হাজার ৯১০ জন, বাণিজ্যিক ৫ হাজার ২৩৩ জন, ক্ষুদ্র শিল্প ৭১০টি এবং মাঝারি শিল্প ২৭টি।
সরকারি লাইন থেকে বিদ্যুৎ নিয়ে ব্যাডমিন্টন খেলা আইনত দণ্ডনীয়। সরকারি আইন অনুযায়ী এভাবে বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে কারাদণ্ড বা জরিমানার বিধান রয়েছে।
তা ছাড়া এটি বিদ্যুৎ চুরির শামিল। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, আবু হুরায়রা (রা.) সূত্রে নবী (সা.) হতে বর্ণিত। তিনি বলেন, চোরের ওপর আল্লাহর অভিশাপ হোক, যখন সে একটি হেলমেট চুরি করে এবং এ জন্য তার হাত কাটা হয় এবং সে একটি রশি চুরি করে এ জন্য তার হাত কাটা হয়।
আমাশ (রহ.) বলেন, তারা মনে করত যে হেলমেট লোহার হতে হবে আর রশির ব্যাপারে তারা ধারণা করত তা কয়েক দিরহামের সমমূল্যের হবে। (বুখারি, হাদিস : ৬৭৮৩)। অন্য হাদিসে ইরশাদ হয়েছে যে রাসুল (সা.) বলেন, মুমিন চুরি করার সময় ঈমানদার থাকে না। (মুসলিম, হাদিস : ১০৬)।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com