কিশোরগঞ্জ প্রতিনিধি : | বুধবার, ২১ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | ৩৫ বার পঠিত | পড়ুন মিনিটে
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর এলাকায় সিএনজি চালক ও যাত্রী সেজে অভিনব কায়দায় চুরির ঘটনায় নারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বেশ কয়েকদিন যাবৎ এ ধরনের চোর চক্র হোসেনপুর–নান্দাইল সড়কটিকে বেছে নিয়ে নিয়মিত প্রতারণা চালাচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
ভুক্তভোগী গোবিন্দপুর গ্রামের বাসিন্দা ফজিলাতুন্নেছা জানান, ১৯ জানুয়ারি সোমবার বিকেলে তিনি বাড়ি থেকে গোবিন্দপুর বাজারে ওষুধ কিনতে যাওয়ার উদ্দেশ্যে প্রধান সড়কে অটোরিকশার জন্য দাঁড়িয়ে ছিলেন। এ সময় হোসেনপুর থেকে গোবিন্দপুর বাজারগামী একটি সিএনজি অটোরিকশার চালক ও সিএনজিতে থাকা এক নারী যাত্রী তার কাছে কোথায় যাবেন জানতে চান। তিনি অটোরিকশায় যাবেন বলে জানালেও তারা বারবার বিনয়ী আচরণ ও কথাবার্তার মাধ্যমে তাকে সিএনজিতে উঠতে রাজি করান।
সিএনজিতে ওঠার পর প্রায় দুইশ গজ সামনে নিয়ে প্রতারক চক্র কৌশলে তার নাকের নথ ও কানের দুল খুলে নেয়। তিনি হতভম্ব হয়ে কিছু বলতে না পারলেও তাকে সড়কের পাশে নামিয়ে দিয়ে সিএনজিটি দ্রুত চলে যায়। পরে বিষয়টি বুঝতে পেরে তিনি চিৎকার দিলে আশপাশের লোকজন জড়ো হলেও প্রতারকদের আটক করা সম্ভব হয়নি। এর আগে কয়েকদিন আগে পানান এলাকা থেকে খোশনাহার আক্তার নামের আরেক নারীও একই কায়দায় সিএনজি চালক ও নারী যাত্রী সেজে থাকা প্রতারক চক্রের টার্গেটে পড়েন। তিনি ছেলের ওষুধ কিনতে যাওয়ার পথে প্রতারক নারী যাত্রী তাকে স্বর্ণের বার (গোল্ড) পাওয়ার কথা বলে বিক্রি করার প্রস্তাব দেয়। একপর্যায়ে প্রতারক নারী কৌশলে বলেন, তার যদি গলার ও কানের স্বর্ণালংকার থাকতো, তাহলে সেগুলো বিক্রি করে স্বর্ণের বার কিনতেন—এভাবে ভুক্তভোগীর বিশ্বাস অর্জনের চেষ্টা করা হয়। পরিস্থিতি সন্দেহজনক মনে হওয়ায় খোশনাহার আক্তার দ্রুত বাজারের ভেতরে ঢুকে পড়লে তিনি প্রতারণার হাত থেকে রক্ষা পান। এ বিষয়ে হোসেনপুর থানার একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বলেন, “ঘটনার বিষয়ে আমরা অবগত। ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে হোসেনপুর–নান্দাইল সড়কে টহল ও নজরদারি বাড়ানো হচ্ছে।” তিনি সাধারণ মানুষকে অপরিচিত ব্যক্তি ও অতিরিক্ত প্রলোভনের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান। এলাকাবাসী জানান, গুরুত্বপূর্ণ এই সড়কে নিয়মিত যাতায়াতকারী নারী ও বয়স্ক যাত্রীরাই বেশি টার্গেট হচ্ছেন। তারা দ্রুত চোর চক্র শনাক্ত করে গ্রেপ্তারের পাশাপাশি সড়কটিতে স্থায়ী নজরদারির দাবি জানিয়েছেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com