শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বান্ধবী থেকে বেয়াইন : মরণেও একসঙ্গে

আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিনিধিঃ   |   রবিবার, ২৯ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ৩০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বান্ধবী থেকে বেয়াইন : মরণেও একসঙ্গে
৫৮

একই ইউনিয়নের বাসিন্দা নার্গিস বেগম ও দোলা খাতুন। তারা কাজ করতেন একটি পোশাক কারখানায়। বসতেন পাশাপাশি। একজন আরেকজনকে ডাকতেন বান্ধবী বলে। সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে তাদের ছেলেমেয়ের মধ্যে বিয়েবন্ধনের বিষয়ে একমত হন।

শুরু হয় নতুন সম্পর্কের আলোচনা। পাকাপাকি সিদ্ধান্ত নিয়ে দু’জন বাড়ি ফেরেন ঈদের ছুটিতে। ঈদের পরদিন রোববার বিকেলে নার্গিস বেগমের ছেলে নাইম হাসানের সঙ্গে দোলা খাতুনের মেয়ে জুই আক্তারের বিয়ে হয়। ছোট্ট পরিসরে হলেও এলাকায় এই আয়োজনে বেশ আনন্দ-উল্লাস হয়েছে। বান্ধবী থেকে নার্গিস আর দোলা হয়ে যান বেয়াইন। তবে সেই আনন্দ দীর্ঘস্থায়ী হলো না। এক দুর্ঘটনায় প্রাণ গেছে এই দু’জনসহ পাঁচজনের। তাদের পরিবারে এখন শুধুই কান্না আর আহাজারি।

শুক্রবার রাতে টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে মারা গেছেন নার্গিস বেগম, তাঁর ১১ বছর বয়সী ছেলে নীরব হোসেন, নীরবের বড় ভাইয়ের শাশুড়ি দোলা খাতুন। এ ছাড়া মারা গেছেন রিপা বেগম ও সুলতান হোসেন। তাদের বাড়ি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের নীজপাড়া ও বড় ছত্রগাছা গ্রামে। নীরব হোসেন ছাড়া সবাই গাজীপুরে একটি পোশাক কারখানায় কাজ করতেন।

একই সঙ্গে পাঁচজনের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকাজুড়ে। শনিবার সকালে তাদের মরদেহ এলাকায় পৌঁছে। এ সময় নবদম্পত্তিসহ স্বজনের কান্নায় চারপাশের পরিবেশ ভারী হয়ে ওঠে।

নার্গিসের প্রতিবেশী জাহেদা বেগম বলেন, ঈদ ও বিয়ে কেন্দ্র করে কয়েক দিন ধরে আনন্দে ছিলেন তারা। মুহূর্তেই বিষাদের ছায়া নেমে এসেছে। ধাপেরহাট ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম শিপন বলেন, এই ইউনিয়নে একসঙ্গে এত লাশ দেখেনি কেউ। জীবিকার তাগিদে এই এলাকার অনেকেই পোশাক কারখানায় কাজ করেন। নিহতরা সবাই দরিদ্র পরিবারের। এসব পরিবারের জীবিত সদস্যদের জন্য সরকারসহ ধনাঢ্য লোকজনের সাহায্যের হাত বাড়ানো উচিত। তারা যাতে সরকারি সহায়তা পান, তিনি সেই উদ্যোগ নেবেন।

নার্গিস বেগম নীজপাড়া গ্রামের হামিদুল ইসলাম ওরফে হাদুর স্ত্রী। তাদের প্রতিবেশী আজিজার রহমানের ছেলে সুলতান হোসেন এবং আব্দুর রশিদ মিয়ার মেয়ে রিপা বেগমও ঈদের ছুটি শেষে কাজে ফিরছিলেন। দোলা বেগম বড় ছত্রগাছা গ্রামের জাকির হোসেনের স্ত্রী। হামিদুল ইসলাম এবং জাকির হোসেন রাজমিস্ত্রি। তারা দু’জন এখন বাকরুদ্ধ। নীরব হোসেনের দাদা বৃদ্ধ হায়দার আলী বলেন, যাওয়ার আগে নীরবকে ৫০ টাকা দিয়েছি। সেই নাতি তাঁকে ছেড়ে গেল। শোকাহতদের শান্তনা দিতে আসা কয়েকজন প্রতিবেশী বলেন, পর্যাপ্ত তেল সরবরাহ থাকলে বাসটা হয়তো সেখানে থামত না। দেশে তেল সংকটের কারণে দুর্ঘটনা ঘটে গেল। রেললাইনের বিভিন্ন স্থানে নিরাপত্তাবেষ্টনী দেওয়ার দাবিও জানান কেউ কেউ।

স্থানীয় বাসিন্দা ব্যবসায়ী আমিনুল ইসলাম জানান, কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে শুক্রবার বিকেলে সবাই রওনা হয়েছিলেন। তারা ঢাকাগামী একটি বাসে চড়েন। বাসটি যমুনা সেতু পার হওয়ার পর টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ধলাটেংগর এলাকায় তেল ফুরিয়ে যায়। রাত ৮টার দিকে মহাসড়কে গাড়ি থামিয়ে যাত্রীদের নামিয়ে চালক ও সহযোগী তেল সংগ্রহের জন্য পেট্রোল পাম্পে যান। এ সময় যাত্রীর অনেকেই সড়কের পাশে ঢাকা-উত্তরাঞ্চল রেললাইনে বসেন। ঢাকা থেকে সিরাজগঞ্জমুখী ট্রেনে কাটা পড়ে মারা গেছেন পাঁচজন।

সাদুল্লাপুর থানার ওসি আব্দুল আলিম বলেন, পাঁচজনের মরদেহ শনিবার দুপুরে নিজ নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, সুযোগ থাকলে নিহতদের পরিবারের জন্য সরকারিভাবে অনুদানের ব্যবস্থা করা হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com