রামগঞ্জ প্রতিবেদক: | রবিবার, ২৯ মার্চ ২০২৬ | প্রিন্ট | ২৯ বার পঠিত | পড়ুন মিনিটে
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ৩নং পূর্ব বিঘা এলাকার নকু পালের বাড়িতে দীর্ঘদিনের জমি বিরোধকে কেন্দ্র করে আবারও উত্তেজনা সৃষ্টি হয়েছে। প্রায় ৩৫ বছর ধরে চলমান বাটোয়ারা মামলার জেরে উভয় পক্ষের মধ্যে বিরোধ থামছেই না।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়িটির মোট ১১ একর ৬০ শতাংশ সম্পত্তির মধ্যে ৭ একর ৬০ শতাংশ মালিকানা নিয়ে বিরোধ চলছে। এ নিয়ে আদালতে মামলা, স্থানীয় সালিশ ও নানা সমঝোতার চেষ্টা হলেও এখনো স্থায়ী কোনো সমাধান হয়নি।
বাদীপক্ষের দাবি, কাজী মোঃ সফিকুল ইসলাম, মন্তাজ মিয়া, রফিকুল ইসলাম, মফিজুল ইসলাম, শামছুল হক ও ফজলুল হক গং জানান, দীর্ঘদিন ধরে মামলা চলমান থাকা সত্ত্বেও বিবাদীপক্ষ জোরপূর্বক পুকুরের মাছসহ অন্যান্য সম্পত্তি ভোগ করে আসছে।
তাদের অভিযোগ, কোনো ধরনের অবহিত না করেই এসব কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এমনকি নিজেদের অধিকার নিয়ে প্রশ্ন তুললে তাদের ওপর চড়াও হওয়া ও মারধরের চেষ্টা করা হয় বলেও দাবি করেন তারা। তারা আরও জানান, শামছুল হক বাদী হয়ে সুপ্রিম কোর্টে একটি মামলা (নং ২৩-১৫-২০২৩) দায়ের করেছেন, যা বর্তমানে বিচারাধীন রয়েছে। তারা আদালতের মাধ্যমে সঠিকভাবে তাদের সম্পত্তির অংশ বুঝে পাওয়ার প্রত্যাশা করছেন।
অন্যদিকে, বিবাদীপক্ষের বক্তব্য অনুযায়ী, আবুল কালাম আজাদ মাস্টার, শরিফুল ইসলাম, ইউছুফ হোসেন ও লিটন গং রেকর্ড অনুযায়ী সম্পত্তি ভোগ করে আসছেন।
এ বিষয়ে আবুল কালাম আজাদ মাস্টার সাংবাদিকদের জানান, তারা সালিশের সিদ্ধান্তের পক্ষেই রয়েছেন এবং সেই অনুযায়ী সংবাদ প্রকাশের অনুরোধ করেন। তিনি আরও অভিযোগ করেন, অতীতে কাজী রফিকুল ইসলাম বিভিন্নভাবে তাদের হয়রানি করেছেন এবং একাধিক মামলা দিয়ে চাপ সৃষ্টি করেছেন।
বর্তমানে সমাধানের জানতে চাইলে মাস্টার বলেন, আমরা সমাধানে আছি, স্থানীয়ভাবে এবং আদালতে গিয়ে সমাধানের প্রয়োজন নেই।
এদিকে বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয় সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মোঃ বিল্লাল হোসেন কন্ট্রাক্টরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা এতে অংশ নেন। এছাড়া থানায়ও কয়েক দফা বৈঠক হয়েছে।
তবে উভয় পক্ষ প্রাথমিকভাবে সিদ্ধান্তে সম্মত হলেও তা বাস্তবায়ন না হওয়ায় বিরোধ ও উত্তেজনা পুনরায় বৃদ্ধি পেয়েছে। এলাকাবাসীর আশঙ্কা, দীর্ঘদিনের এই বিরোধ দ্রুত সমাধান না হলে যেকোনো সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com