শফিকুল ইসলাম বাদল ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি | সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | ৫৪ বার পঠিত | পড়ুন মিনিটে
ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরে দিন দিন তীব্র আকার ধারণ করছে যানজট। বিশেষ করে কোর্ট রোড ও মসজিদ রোড এলাকায় যানচলাচল নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে ট্রাফিক বিভাগকে। এতে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ, ব্যবসায়ীসহ প্রতিদিনের পথচারীরা।
এদিকে শহরের গুরুত্বপূর্ণ এই বাণিজ্যিক এলাকায় আধুনিক কোনো গণশৌচাগার না থাকায় দূর-দূরান্ত থেকে আসা নারী, পুরুষ ও শিশুদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রয়োজনীয় শৌচসুবিধার অভাবে ক্রেতা ও দর্শনার্থীরা পড়ছেন বিব্রতকর পরিস্থিতিতে।
এই প্রেক্ষাপটে নাগরিক দুর্ভোগ লাঘবে উদ্যোগ নিয়েছে নদী ও প্রকৃতি সুরক্ষা সামাজিক আন্দোলন ‘তরী বাংলাদেশ’। সংগঠনটি ব্রাহ্মণবাড়িয়া পৌর প্রশাসকের কাছে লিখিত আবেদন জমা দিয়ে মসজিদ রোড ও সংলগ্ন এলাকার যানজট ও শৌচাগার সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে।
আবেদনে উল্লেখ করা হয়, পৌর শহরের সদর মডেল থানার পূর্ব সীমানা ঘেঁষে টাউনখাল থেকে মসজিদ রোড পর্যন্ত প্রায় ১৫ ফুট প্রশস্ত একটি সরকারি খাল ছিল, যা বর্তমানে ড্রেনে রূপান্তরিত হয়েছে। এছাড়া ওই এলাকায় কিছু সরকারি খাস জমিও রয়েছে। এসব জায়গা দখলমুক্ত করা গেলে ড্রেন ও সড়ক উন্নয়নের পাশাপাশি খাস জমিতে একটি আধুনিক ওয়াশ ব্লক (গণশৌচাগার) নির্মাণ করা সম্ভব হবে, যা নাগরিক সমস্যার টেকসই সমাধান দিতে পারে।
জনস্বার্থ বিবেচনায় পৌর প্রশাসক মো. শরিফুল ইসলাম বিষয়টি নিয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছেন। আবেদনের অনুলিপি জেলা প্রশাসক, পুলিশ সুপার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী কমিশনার (ভূমি)-এর কাছেও পাঠানো হয়েছে।
এ বিষয়ে তরী বাংলাদেশের আহ্বায়ক শামীম আহমেদ বলেন,“পূর্বে একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। ২০২৩ সালের শেষ দিকে তৎকালীন জেলা প্রশাসকের নির্দেশে স্থানটি পরিদর্শনও করা হয়। কিন্তু পরবর্তীতে বিভিন্ন কারণে কার্যক্রমের অগ্রগতি থেমে যায়। আমরা আশা করি, এবার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে পৌর কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেবে।”
স্থানীয়দের প্রত্যাশা, প্রস্তাবিত সংযোগ সড়ক ও আধুনিক গণশৌচাগার নির্মিত হলে একদিকে যেমন যানজট কমবে, অন্যদিকে নাগরিক জীবনের মানও উল্লেখযোগ্যভাবে উন্নত হবে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com