ফরিদপুর জেলা প্রতিনিধি- | সোমবার, ০৪ মে ২০২৬ | প্রিন্ট | ২৭ বার পঠিত | পড়ুন মিনিটে
ফরিদপুরের সদরপুর উপজেলায় মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি, অ্যান্টিবায়োটিক রেজিস্টার হালনাগাদ না করা এবং ড্রাগ লাইসেন্স নবায়ন ছাড়া ফার্মেসি পরিচালনার দায়ে তিনটি ফার্মেসিকে মোট ৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জব্দ করা অবৈধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ ধ্বংস করা হয়েছে। রবিবার (৩ মে) বিকালে উপজেলার হাসপাতাল মোড় ও বাবুরচর বাজার এলাকায় সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানকালে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ধারা অনুযায়ী তিন ফার্মেসি মালিককে জরিমানা করা হয়।
এদের মধ্যে গোপালকৃষ্ণ সাহা (৪০), মোঃ শরিফুল ইসলাম (৩৬) এবং আঃ মোতালিব—প্রত্যেককে ৩ হাজার টাকা করে জরিমানা করা হয়। অভিযান চলাকালে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সদরপুর থানা পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করে। অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। প্রাথমিকভাবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তুলনামূলক কম জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে একই ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে, যার মধ্যে অর্থদণ্ডের পাশাপাশি কারাদণ্ডও অন্তর্ভুক্ত থাকবে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com