শফিকুল ইসলাম বাদল ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রতিনিধি: | মঙ্গলবার, ১২ মে ২০২৬ | প্রিন্ট | ৪৫ বার পঠিত | পড়ুন মিনিটে
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার বাঙ্গরা থেকে সাতমোড়া ইউনিয়নসহ অন্তত পাঁচটি গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র জনগুরুত্বপূর্ণ সড়ক কেটে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী ব্যক্তি মোবারক হোসেন দারোগা (অব.)-এর বিরুদ্ধে। নিজস্ব জায়গি দাবি করে তিনি তার বাড়ির সামনে প্রায় ১৫ ফুট অংশ কেটে ফেলেছেন বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। এতে চরম দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ ও যানবাহন চালক।
গতকাল (১১ মে ২০২৬) সরেজমিনে গিয়ে দেখা যায়, বাঙ্গরা-সাতমোড়া সংযোগ সড়কের ওই অংশ বিচ্ছিন্ন হয়ে থাকায় সাধারণ মানুষের চলাচল প্রায় অচল হয়ে পড়েছে। স্থানীয়দের ভাষ্যমতে, বাঙ্গরা, আশরাফপুর, বলিবাড়ী, চেচড়া ও সাতমোড়া গ্রামের প্রায় ৬ থেকে ৭ হাজার মানুষ প্রতিদিন এই সড়ক ব্যবহার করে বাঙ্গরা-কোম্পানীগঞ্জ, বাঙ্গরা-নবীনগরসহ বিভিন্ন উপজেলা ও জেলায় যাতায়াত করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০২১ সালে তৎকালীন নবীনগর আসনের সংসদ সদস্য এবাদুল করিম বুলবুলের উদ্যোগে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে সড়কটির উন্নয়ন কাজ শুরু হয়। সে সময় মোবারক হোসেন দারোগা তার বাড়ির সামনের অংশ জনস্বার্থে রাস্তার জন্য ছেড়ে দেন বলে দাবি স্থানীয়দের। পরবর্তীতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সড়কটির সংস্কার কাজ সম্পন্ন করে এবং সড়কটির সরকারি আইডিও অন্তর্ভুক্ত হয়।
তবে স্থানীয়দের অভিযোগ, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর হঠাৎ করেই মোবারক হোসেন রাস্তার অংশ কেটে দেন। এতে কয়েকটি গ্রামের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
এ বিষয়ে কথা হয় এলাকার প্রবীণ বাসিন্দা আব্দুর রহিম (৮২), আব্দুল মজিদ (৭৫) ও মো. এখলাস মিয়া (৬০)-এর সঙ্গে। তারা বলেন, “বুলবুল সাহেবের আন্তরিক প্রচেষ্টায় বহু বছরের দুর্ভোগের অবসান হয়েছিল। মোবারক সাহেবও তখন স্বেচ্ছায় জায়গা ছেড়ে দিয়েছিলেন। এখন শুনছি তিনি জায়গার মূল্য চান, কিন্তু এ বিষয়ে এলাকাবাসীর সঙ্গে কোনো আলোচনা করেননি।”
অভিযোগের বিষয়ে মোবারক হোসেন দারোগা বলেন, “আমার ব্যক্তিগত জায়গার ওপর দিয়ে জোরপূর্বক রাস্তা নেওয়া হয়েছে। আমার বাড়ির দেয়াল ভেঙে রাস্তা করা হয়েছে। আমি বিকল্পভাবে উত্তর পাশ দিয়ে রাস্তা নেওয়ার কথা বলেছিলাম, কিন্তু তারা শোনেনি। ক্ষমতার অপব্যবহার করে বাড়ির মাঝখান দিয়ে রাস্তা নেওয়া হয়েছে। আমি আমার বাড়ির ক্ষতি করে রাস্তা দিতে পারব না।”
স্থানীয় ইউপি সদস্য মোবারক হোসেন বলেন, “বাঙ্গরা থেকে বলিবাড়ী হয়ে সাতমোড়া ইউনিয়নে যুক্ত এই সড়কটি পাঁচ-সাতটি গ্রামের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল। এলাকাবাসী নিজেদের জমি দিয়ে ১২ ফুট প্রস্থের রাস্তা নির্মাণ করেন। তৎকালীন এমপি বুলবুল মহোদয়ের অনুরোধে মোবারক সাহেব স্বেচ্ছায় জায়গা দেন। পরে এলজিইডির মাধ্যমে রাস্তার উন্নয়ন কাজও হয়েছে। এখন হঠাৎ রাস্তা কেটে দেওয়ায় চরম জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে।”
এ বিষয়ে সাতমোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আউয়াল রবি বলেন, “জনস্বার্থে এলাকাবাসী ও তৎকালীন এমপি সাহেবের অনুরোধে মোবারক সাহেব রাস্তার জন্য জায়গা দিয়েছিলেন। এখন কেন তিনি রাস্তা কেটে দিলেন তা বুঝতে পারছি না। দ্রুত রাস্তাটি পুনরায় উন্মুক্ত করার দাবি জানাই।”
বর্তমান স্থানীয় সংসদ সদস্য আব্দুল মান্নান বলেন, “বিষয়টি আপনাদের কাছ থেকে শুনলাম। খোঁজখবর নিয়ে জনস্বার্থ বিবেচনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com