শফিকুল ইসলাম বাদল ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি | বুধবার, ১৩ মে ২০২৬ | প্রিন্ট | ৩৫ বার পঠিত | পড়ুন মিনিটে
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর-রাধিকা মহাসড়কের ধনাশী এলাকায় আজ সকালে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। একটি গরুকে বাঁচাতে গিয়ে কোমল পানীয় (সফট ড্রিংকস) বোঝাই একটি বড় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উল্টে পড়ে।প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ একটি গরু সড়কের সামনে চলে আসলে চালক দ্রুত ব্রেক করেন। এতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উল্টে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই গরুটি মারা যায়। এ ছাড়া ট্রাকচালক ও তার সহকারী (হেল্পার) গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। দুর্ঘটনায় ট্রাকটির সামনের অংশ ও বডি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ট্রাকটি কোমল পানীয়র বোতল বোঝাই থাকায় গাড়ি উল্টে যাওয়ার সঙ্গে সঙ্গে কার্টন ও বস্তা ছিঁড়ে বিপুল পরিমাণ মালামাল সড়কে ছড়িয়ে পড়ে। এতে ব্যাপক আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পরপরই স্থানীয় উৎসুক জনতা ও পথচারীরা ঘটনাস্থলে ভিড় করেন। পরে খবর পেয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ শুরু করেন।এদিকে দুর্ঘটনার ফলে সড়কের ওপর তেল ও জ্বালানি ছড়িয়ে পড়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যানবাহন চালকদের অত্যন্ত সতর্কতার সঙ্গে চলাচলের অনুরোধ জানিয়েছে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com