মেহেদী হাসান রুবেল (সীতাকুণ্ড): | বুধবার, ১৩ মে ২০২৬ | প্রিন্ট | ২২ বার পঠিত | পড়ুন মিনিটে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে প্রশাসনের স্পষ্ট নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও প্রকাশ্যে অবাধে চলছে সিএনজি চালিত থ্রি-হুইলার। মহাসড়কের মতো গুরুত্বপূর্ণ ও ব্যস্ত রুটে এসব ধীরগতির যানবাহনের দাপটে প্রতিনিয়ত তৈরি হচ্ছে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি, যা বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা বাড়িয়ে তুলছে।
সরেজমিনে দেখা গেছে, সীতাকুণ্ডের বার আউলিয়া, কুমিরা, ভাটিয়ারী ও ফৌজদারহাট সহ একাধিক গুরুত্বপূর্ণ পয়েন্টে মহাসড়কের মূল লেন ব্যবহার করেই চলাচল করছে এসব থ্রি-হুইলার। যাত্রী ওঠানামা, হঠাৎ ব্রেক করা এবং অনিয়ন্ত্রিত লেন পরিবর্তনের কারণে মহাসড়কে নিয়মিতভাবেই সৃষ্টি হচ্ছে বিপজ্জনক পরিস্থিতি। দ্রুতগতির বাস ও ট্রাক চালকদের জন্য এটি চরম ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এসবে সিএনজি দীর্ঘদিন ধরেই মহাসড়কে অবাধে চলাচল করছে। মাঝেমধ্যে কিছু অভিযান পরিচালিত হলেও তা স্থায়ী সমাধানে ব্যর্থ হয়েছে। ফলে একই চিত্র বারবার ফিরে আসছে এবং পরিস্থিতি দিন দিন আরও অবনতির দিকে যাচ্ছে।
একাধিক পরিবহন শ্রমিক জানান, মহাসড়কে সিএনজির এমন অবাধ চলাচলের কারণে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। অনেক সময় বড় ধরনের দুর্ঘটনা এড়াতে চালকদের হঠাৎ ব্রেক করতে হয়, এতে পেছন থেকে সংঘর্ষের ঘটনাও ঘটছে।
পরিবহন খাত সংশ্লিষ্টদের মতে মহাসড়কে ধীরগতির ও অননুমোদিত যানবাহন চলাচল সড়ক ব্যবস্থাপনাকে মারাত্মকভাবে ব্যাহত করছে। এটি শুধু যানজটই সৃষ্টি করছে না, বরং দুর্ঘটনার ঝুঁকিও বহুগুণ বাড়িয়ে দিচ্ছে।
বর্তমান পরিস্থিতিতে সীতাকুণ্ড অংশের মহাসড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে সাধারণ যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টদের মধ্যে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com