সিনিয়র রিপোর্টার : আব্দুস সালাম মোল্লা | বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ | প্রিন্ট | ৩৫ বার পঠিত | পড়ুন মিনিটে
র্ধারণ প্রক্রিয়ায় আস্থা নির্মাণে মেট্রোলজি” প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব মেট্রোলজি দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। বুধবার (২০ মে) জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ফরিদপুর আঞ্চলিক কার্যালয়ের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুস্মিতা সাহা। স্বাগত বক্তব্য দেন বিএসটিআই ফরিদপুর আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক ও অফিস প্রধান মো. কামাল হোসেন। তিনি বলেন, শিল্প, বাণিজ্য, চিকিৎসা, প্রযুক্তি ও ভোক্তা সুরক্ষায় নির্ভুল পরিমাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক পরিমাপ নিশ্চিত করা গেলে বাজার ব্যবস্থায় স্বচ্ছতা বৃদ্ধি পায় এবং জনগণের আস্থা আরও সুদৃঢ় হয়।
বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. রায়হান গফুর বলেন, ওজন ও পরিমাপের বিষয়টি কেবল প্রযুক্তিগত নয়, বরং এটি সমাজ ও অর্থনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তিনি সঠিক পরিমাপ নিশ্চিত করার মাধ্যমে প্রতারণা রোধ এবং প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
সভায় সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান স্বাস্থ্যসেবা ও ওষুধ উৎপাদনে নির্ভুল পরিমাপের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তিনি বলেন, চিকিৎসা ও ওষুধ প্রস্তুতের ক্ষেত্রে সামান্য ত্রুটিও জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। তাই স্বাস্থ্যখাতে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ এবং পরিমাপের যথার্থতা নিশ্চিত করা জরুরি।
মুক্ত আলোচনায় অংশ নেন বাজুস ফরিদপুরের সভাপতি নন্দ কুমার বড়াল এবং গোয়ালন্দের এনএম ট্রেডার্সের স্বত্বাধিকারী মামুনুর রশীদ। তারা ব্যবসা-বাণিজ্যে সঠিক ওজন ও পরিমাপ বজায় রাখার পাশাপাশি বাজার তদারকি আরও জোরদারের আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম সরকারি কার্যক্রমে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, ওজন ও পরিমাপে অনিয়ম পণ্যের মান, জনস্বাস্থ্য ও মানুষের জীবনমানের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। আধুনিক অর্থনীতি ও আন্তর্জাতিক বাণিজ্যে প্রতিযোগিতামূলক অবস্থান ধরে রাখতে নির্ভুল পরিমাপ ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।
সমাপনী বক্তব্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুস্মিতা সাহা আন্তর্জাতিক বাণিজ্যে মেট্রোলজির গুরুত্ব তুলে ধরে বলেন, বৈশ্বিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে আন্তর্জাতিক মান অনুযায়ী সঠিক পরিমাপ ব্যবস্থা নিশ্চিত করার বিকল্প নেই। পরে তিনি উপস্থিত অতিথিদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com