সিনিয়র রিপোর্টার :আব্দুস সালাম মোল্লা: | মঙ্গলবার, ২৬ মে ২০২৬ | প্রিন্ট | ২৬ বার পঠিত | পড়ুন মিনিটে
ফরিদপুরের সদরপুর উপজেলায় প্রশাসনের অনুমতি ছাড়াই পশুর হাট বসিয়ে লাখ টাকার হাসিল আদায়ের অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। সোমবার (২৫ মে) দুপুর ৩টার দিকে উপজেলার ঢেউখালী ইউনিয়নের পিয়াজখালী বাজার এলাকায় এ হাট বসানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, হান্নান চাকলাদার নামে এক ব্যক্তি ও তার সহযোগীরা কোনো ধরনের সরকারি অনুমোদন ছাড়াই কোরবানির পশুর হাট পরিচালনা করছেন। হাটে আগত গরু ব্যবসায়ী ও ক্রেতাদের কাছ থেকে মোটা অঙ্কের হাসিল আদায় করা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, সরকারি নিয়ম-নীতি উপেক্ষা করে দীর্ঘদিন ধরে একটি চক্র প্রভাব খাটিয়ে এ ধরনের কার্যক্রম চালিয়ে আসছে। এতে একদিকে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে, অন্যদিকে সাধারণ ব্যবসায়ীরা অতিরিক্ত হাসিলের চাপের মুখে পড়ছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যবসায়ী জানান, নির্ধারিত নিয়মের বাইরে অতিরিক্ত হাসিল আদায় করা হলে তাদের ব্যবসায় লোকসানের আশঙ্কা তৈরি হয়। তবে প্রশাসনের অনুমোদন না থাকলেও কীভাবে হাট পরিচালিত হচ্ছে—তা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।
অভিযুক্ত হান্নান চাকলাদারের বক্তব্য জানতে একাধিকবার তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওন বলেন, “ওই বাজারে পশুর হাট বসানোর কোনো অনুমতি দেওয়া হয়নি। তবে তারা জেলা প্রশাসকের কাছে আবেদন করেছেন। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। প্রশাসনের তদন্ত ও পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে রয়েছেন স্থানীয়রা।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com