মাসুদ রায়হান, যশোর জেলা প্রতিনিধিঃ | শুক্রবার, ২৯ মে ২০২৬ | প্রিন্ট | ৩৬ বার পঠিত | পড়ুন মিনিটে
যশোরের মনিরামপুর উপজেলায় বিএনপির সাবেক সভাপতি শহিদ মোঃ ইকবাল হোসেনের উদ্যোগে ঈদুল আজহা পরবর্তী ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমর্থক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। ঈদের আনন্দ ভাগাভাগির পাশাপাশি দলকে সুসংগঠিত ও ঐক্যবদ্ধ করার আহ্বান জানানো হয় এ সভা থেকে।
বুধবার বিকেলে মনিরামপুর উপজেলা বিএনপির স্থায়ী কার্যালয়ে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহিদ মোঃ ইকবাল হোসেন। অনুষ্ঠানে নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি এবং দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করতে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
সভায় বক্তব্য দিতে গিয়ে শহিদ মোঃ ইকবাল হোসেন বলেন, “আমি দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে দলের বাইরে গিয়ে স্বতন্ত্র নির্বাচন করে ভুল করেছি। সেই ভুলের জন্য আমি দলের কাছে আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। বিএনপি আমার রাজনৈতিক পরিবার, তাই দলের সিদ্ধান্ত ও আদর্শের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।”
তিনি আরও বলেন, “মনিরামপুর উপজেলা বিএনপিকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। ব্যক্তিগত বিভেদ ভুলে দলের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে।”
এ সময় তিনি সাবেক মন্ত্রী মরহুম তারিকুল ইসলামের রাজনৈতিক অবদান স্মরণ করে বলেন, “তারিকুল ইসলাম ছিলেন বিএনপির একজন পরীক্ষিত ও ত্যাগী নেতা। তাঁর সুযোগ্য উত্তরসূরি অনিন্দ্য ইসলাম অমিত আজ দলের নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তিনি শুধু মনিরামপুরের নন, পুরো বিভাগের নেতা। আগামী দিনে তাঁর হাতকে শক্তিশালী করতে এবং বিএনপিকে আরও সুসংগঠিত করতে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপির নেতাকর্মীদের ধৈর্য, ঐক্য ও সাংগঠনিক শক্তি বৃদ্ধি অত্যন্ত জরুরি। জনগণের আস্থা অর্জনের মাধ্যমে আগামী দিনের আন্দোলন-সংগ্রামে সফল হতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
সভায় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের একপর্যায়ে নেতাকর্মীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ঈদের শুভেচ্ছা বিনিময় করা হয় এবং দলীয় ঐক্য সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com