শফিকুল ইসলাম বাদল ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি | বুধবার, ০৩ জুন ২০২৬ | প্রিন্ট | ৫২ বার পঠিত | পড়ুন মিনিটে
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের অর্থায়নে বেকারত্ব দূরীকরণ এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৬০ জন কর্মঠ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বুধবার (৩ জুন) সকাল ১০টায় সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের সরোদ মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন আসাদুজ্জামান শাহীন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের সামাজিক বাস্তবতায় এখনও অনেক মেয়েকে অল্প বয়সে বিয়ে দেওয়া হয়। এর ফলে নারীরা পরিবার ও সমাজে নানা ধরনের অবহেলার শিকার হন। তিনি বলেন, নারীদের স্বাবলম্বী করে গড়ে তুলতে হলে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং দক্ষতা উন্নয়ন জরুরি। তিনি আরও বলেন, “ব্রাহ্মণবাড়িয়ার নারীদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে শিল্পপার্ক প্রতিষ্ঠা প্রয়োজন।
পাশাপাশি বিভিন্ন বিষয়ে নারীদের জন্য পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।” সভাপতির বক্তব্যে জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম বলেন, “সংসারের প্রকৃত অবস্থা সম্পর্কে সবচেয়ে বেশি জানেন ঘরের নারীরা। নারীরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হলে পরিবার ও সমাজে তাদের মূল্যায়ন বৃদ্ধি পায়।” অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এহসান মুরাদ, অতিরিক্ত পুলিশ সুপার ওবাদুর রহমান, সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা বিএনপির সহ-সভাপতি শফিকুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন এবং জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবদুল কাদের মিয়া।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মাওলানা সাব্বির আহমেদ। সেলাই মেশিন গ্রহীতাদের পক্ষে বক্তব্য রাখেন ইয়াসমিন আক্তার এবং নারী উদ্যোক্তা লায়লা।অনুষ্ঠান শেষে ৬০ জন নারীর হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com