মাসুদ রায়হান | বুধবার, ১৫ জুলাই ২০২৬ | প্রিন্ট | ১৪৫২ বার পঠিত | পড়ুন মিনিটে
মণিরামপুর থেকে প্রকাশিত প্রকাশনা ও মুদ্রণের নিয়মনীতি বহির্ভূত এবং অনিয়মিতভাবে প্রকাশিত বলে অভিযোগ থাকা দৈনিক প্রতিদিনের কণ্ঠ পত্রিকার প্রকাশনা বন্ধের দাবিতে যশোরের জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন করেছেন মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. জাকির হোসেন।
আবেদনে উল্লেখ করা হয়েছে, গত ১২ জুলাই ২০২৬ তারিখে দৈনিক প্রতিদিনের কণ্ঠ পত্রিকায় প্রকাশিত “রাজনৈতিক আশ্রয়ে মণিরামপুরে সাংবাদিক নামধারী চক্রের দৌরাত্ম্য” শীর্ষক প্রতিবেদনে মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সুমন চক্রবর্তী ও কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক মো. জাহিদুর রহমানের বিরুদ্ধে ভিত্তিহীন, অসত্য ও সম্মানহানিকর অভিযোগ আনা হয়েছে। এ ঘটনায় সংগঠনের সাংবাদিকরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং সাংগঠনিকভাবে জেলা প্রশাসকের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন করেন।
দরখাস্তে আরও বলা হয়, ২০২২ সালে প্রতিষ্ঠিত মণিরামপুর রিপোর্টার্স ক্লাব স্থানীয় সাংবাদিকদের একটি সুপরিচিত সংগঠন, যা জনগণের ন্যায্য অধিকার আদায় এবং জনস্বার্থে বিভিন্ন ইস্যুতে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। প্রকাশিত প্রতিবেদনের মাধ্যমে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করা হয়।
আবেদনে সুমন চক্রবর্তীর সাংবাদিকতা জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলা হয়েছে, তিনি বাংলাদেশ প্রেস কাউন্সিল ও প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) থেকে প্রশিক্ষণপ্রাপ্ত একজন সাংবাদিক এবং রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ)-এর কেন্দ্রীয় কমিটির সহ-গণযোগাযোগ বিষয়ক সম্পাদক। প্রায় ১৯ বছরের সাংবাদিকতা জীবনে তিনি অসংখ্য অনুসন্ধানী ও জনস্বার্থমূলক প্রতিবেদন প্রকাশ করেছেন এবং কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন।
এছাড়া সাধারণ সম্পাদক মো. জাহিদুর রহমান বাংলাদেশ সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত সদস্য ও জাতীয় দৈনিক জবাবদিহি পত্রিকার মণিরামপুর প্রতিনিধি। আবেদনপত্রে আরও উল্লেখ করা হয়, প্রতিবেদনে সোহাগ হাসান লিপু নামে যে ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে, তিনি মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের কোনো সদস্য নন এবং সংগঠনের সঙ্গে তার কোনো সম্পৃক্ততাও নেই।
মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. জাকির হোসেন বলেন, “একটি স্থানীয় সাংবাদিক সংগঠনের ভাবমূর্তি নষ্ট এবং সম্মান ক্ষুণ্ন করার উদ্দেশ্যে অসত্য তথ্য প্রকাশ করা হয়েছে। আমরা জেলা প্রশাসকের কাছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যথাযথ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছি।”
রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশনের (আরজেএফ) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস. এম. জহিরুল ইসলাম বলেন, “গণমাধ্যম ও সাংবাদিক সংগঠন একে অপরের পরিপূরক। দায়িত্বশীল সাংবাদিকতার পরিবর্তে অসত্য তথ্য প্রকাশের মাধ্যমে গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা ক্ষুণ্ন হয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রত্যাশা করছি।”
উল্লেখ্য, আবেদনকারীরা প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে নিরপেক্ষ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সংশ্লিষ্ট পত্রিকার প্রকাশনা কার্যক্রম পর্যালোচনার জন্য জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com