আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ | শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ | প্রিন্ট | ১১৪ বার পঠিত | পড়ুন মিনিটে
গাইবান্ধায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আনিস মিয়া ওরফে ঠান্ডা (৩৭) নামে এক অটোবাইক চালকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ৯টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আনিস মিয়া ওরফে ঠাণ্ডা সদর উপজেলার গিদারী ইউনিয়নের কিশামত ফলিয়া গ্রামের মৃত হামিদ মিয়ার ছেলে এবং পত্রিকা বিক্রেতা। তিনি প্রায় ২০ বছর ধরে গাইবান্ধা শহরের বিভিন্ন জায়গায় পত্রিকা বিক্রি করেন। পত্রিকা বিক্রি করার পর প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত তিনি অটোবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
জানা গেছে, অন্যান্য দিনের ন্যায় গতকাল বৃহস্পতিবার পত্রিকা বিক্রি শেষে বিকেলে অটোবাইক নিয়ে বের হয়ে রাতে বাড়ি ফেরননি আনিস। আজ ভোর বেলা সড়কে চলাচলকারী এক পথচারী আনিসকে শহরের স্টেডিয়াম সংলগ্ন সড়কে গুরুতর আহত অবস্থায় অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে তাকে চিনতে পেরে বাড়িতে খবর দেয়। পরে স্বজনরা এসে আনিসকে দ্রুত উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে যান। এখানে ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৯টার দিকে তিনি মারা যান।
স্বজনদের দাবী, রাতের কোন এক সময়ে দুর্বৃত্তরা শহরের স্টেডিয়াম সংলগ্ন সড়কে তাকে এলোপাথারিভাবে ছুরিকাঘাত করে ফেলে রেখে অটোবাইক নিয়ে সটকে পড়েছে। আমরা দুর্বৃত্তদের চিহ্নিত পূর্বক এই হত্যাকান্ডের দ্রুত বিচার চাই।
এ বিষয়ে গাইবান্ধা পত্রিকা বিতানের স্বত্তাধিকারী আব্দুর রহমান জানান, আনিস দীর্ঘদিন ধরে গাইবান্ধা শহরে পত্রিকা বিক্রি করে আসছেন। তিনি খুব ভালো মানুষ ছিলেন। এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।
এব্যাপারে গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ শাহীনুল হক তালুকদার জানান, স্টেডিয়াম এলাকায় এক যুবক দুর্বৃত্তের আঘাতে নিহত হবার খবর পেয়েছি। এখনও কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com