আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ | বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট | ১৩৫ বার পঠিত | পড়ুন মিনিটে
গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুর বাজারের হোমিওপ্যাথিক ওষুধ ব্যবসায়ী শামীম আহমেদ হত্যার বিচারের দাবিতে ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে দু’ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করে বিক্ষোভসহ মানববন্ধন করেছে এলাকাবাসী। গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কের ঠাকুরের দিঘী এলাকায় এ কর্মসূচী পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, খোলাহাটি ইউপি চেয়ারম্যান মাসুম হক্কানী, সাবেক ইউপি সদস্য মোজাহিদুল ইসলাম মৃদুল, এলাকাবাসী মো. সোহেল রানা, ব্যবসায়ী রফিকুল ইসলাম মিলন, শামীম মন্ডল, জুয়েল রানা, রাশেদ মিয়া, হান্নান সরকার, আতাউর রহমান, নিহত শামীমের চাচা মাসুদ রানাসহ অন্যান্যরা।
এসময় বক্তারা, শামীম আহমেদ হত্যার সাথে জড়িত কিশোর গ্যাং নেতাসহ আসামিদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন।
এদিকে, অবরোধের ফলে ওই সড়কে সবধরণের যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে সদর থানার অফিসার ইনচার্জ শাহীনুল ইসলাম শাহীনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে এসে আসামিদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ তুলে নেয়।
উল্লেখ্য, গাইবান্ধা সদর উপজেলার উত্তর খোলাহাটী গ্রামের ডা. শফিউল ইসলাম রাঞ্জুর ছেলে শামীম আহমেদ গত ১৮ ডিসেম্বর কিশোর গ্যাংয়ের নেতা হাবিবুল্যা রিংকু, রাকিবুল হাসান জিম ও তাহসান স্বরূপের নেতৃত্বে বখাটেদের মারপিটে গুরুতর আহত হন। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ডিসেম্বর মঙ্গলবার রাতে মারা যান।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com