আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ | রবিবার, ০৫ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট | ১২৪ বার পঠিত | পড়ুন মিনিটে
গাইবান্ধায় জমি নিয়ে বিরোধের জেরে এক সাঁওতাল নারীকে মারধর ও বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের শাস্তির দাবীতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (০৫ জানুয়ারি) দুপুর ১২টার দিকে সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি, আদিবাসী-বাঙালী সংহতি পরিষদ, জনউদ্যোগ, এএলআরডি এবং গাইবান্ধা সামাজিক সংগ্রাম পরিষদের আয়োজনে শহরের গানাসাস মার্কেটের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির আহ্বায়ক ডা. ফিরিমন বাস্কের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, পরিবেশ আন্দোলন সভাপতি ওয়াজিউর রহমান রাফেল, আদিবাসী-বাঙালী সংহতি পরিষদের আহ্বায়ক এ্যাড. সিরাজুল ইসলাম বাবু, নাগরিক সংগঠন জনউদ্যোগ গাইবান্ধার সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, গাইবান্ধা সামাজিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক জাহাঙ্গীর কবীর তনু, নারীনেত্রী সাজেদা পারভিন রুনু, নাজমা বেগম, রিকতু প্রসাদ, ভূক্তভোগী শ্যামবালা, ব্রিটিশ সরেন, সাঁওতাল নেত্রী সুচিত্রা মুরমু তৃষ্ণা প্রমুখ।
আহত ফিলোমিনা হাসদার ছেলে ব্রিটিশ সরেন সমাবেশে অভিযোগ করে বলেন, শুক্রবার সকালে তাদের পৈত্রিক জমিতে রাজাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তাঁর লোকজন মাটি ভরাট শুরু করলে বাধা দিতে গেলে তার খালাতো ভাইকে মারধর করা হয়। প্রতিবাদ করতে গেলে তার মা ফিলোমিনা হাসদাকে লাঞ্ছিত করা হয় এবং রাতে তাদের বাড়িতে হামলা ও আগুন দেওয়া হয়।
অন্যান্য বক্তাগণ বলেন, স্বাধীনতার পর থেকে সাঁওতালদের প্রায় ২৫০ বিঘা জমি স্থানীয় বাঙালিরা নানাভাবে দখলে নিয়েছেন। সেই কারণে সেখান থেকে অনেক সাঁওতাল পরিবার অন্য জায়গায় চলে গেছেন। এই সুযোগে চেয়ারম্যান জমি দখলের পাঁয়তারা করছেন।
বক্তব্যে, এ ঘটনার সঙ্গে জড়িত রাজাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন এবং সাঁওতালদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com