আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ | রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ | প্রিন্ট | ২২২ বার পঠিত | পড়ুন মিনিটে
গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে কোনো ধরনের ওষুধ নেই। গত ৮ মাস ধরে ওষুধের সরবরাহ দেওয়া হচ্ছে না এখানে। ফলে অসুস্থ নারীদের নানা ধরনের শারীরিক জটিলতা নিয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
লক্ষ্মীপুর ইউনিয়নে নারীদের স্বাস্থ্যসেবার জন্য ইউনিয়ন পরিষদ কার্যালয় সংলগ্ন ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রটি অবস্থিত। এটি ইউনিয়নের সকল বয়সি নারীর চিকিৎসার একমাত্র ভরসাকেন্দ্র। কিন্তু গত ৮ মাস এই চিকিৎসা কেন্দ্রে কোনো ধরনের ওষুধ সরবরাহ নেই। বিকল হয়ে পড়ে আছে গর্ভবতী নারীদের প্রেসার মাপার যন্ত্রটিও। বিভিন্ন রোগে আক্রান্ত রোগীরা ওষুধ না পেয়ে বাড়ি ফিরে যাচ্ছে।
ইউনিয়নের মৌর্জা মালিবাড়ি গ্রামের রাবেয়া (২৮) বলেন, স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য আসলেই বলা হয় কোনো ওষুধ নেই। প্রেসার মাপার কথা বললেও বলা হয় যন্ত্রটি অচল হয়ে পড়ে রয়েছে। আমাদের চিকিৎসার একমাত্র ভরসা স্বাস্থ্যকেন্দ্রে সেবা না পেয়ে আমরা দুর্ভোগে পড়েছি। আমরা গরিব মানুষ, কোথায় চিকিৎসা নিতে যাব?
এ ব্যাপারে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মিজানুর রহমান বলেন, আমরা প্রতিমাসে চাহিদার কথা জানিয়ে কর্তৃপক্ষের কাছে আবেদন জানাই। কিন্তু কোনো ধরনের ওষুধ সাপ্লাই দেওয়া হচ্ছে না। এ অবস্থায় রোগীদের ফিরিয়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই।
ফেমিলি ওয়েলফেয়ার ভিজিটর নূরজাহান বেগম বলেন, ওষুধ যদি না থাকে সেবা দেব কোথা থেকে? আমরা কর্তৃপক্ষকে চাহিদার কথা জানিয়ে থাকি। কিন্তু ওষুধ তো সাপ্লাই দেওয়া হয় না।
লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, ওষুধ না পেয়ে জনগণ দুর্ভোগ ও হয়রানির শিকার হচ্ছেন। তিনি অবিলম্বে স্বাস্থ্যকেন্দ্রে পর্যাপ্ত ওষুধ সরবরাহের দাবি জানান।
এ বিষয়ে সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) ডা. আতিকুর রহমান খান বলেন, সারাদেশে এ সমস্যা চলছে। তবে মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পর আবার আগের মতো সব সচল হবে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com