ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধার-১ (সুন্দরগঞ্জ) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী জেলা বিএনপি’র সহসভাপতি অধ্যাপক ডাক্তার খন্দকার জিয়াউল ইসলাম জিয়া সুন্দরগঞ্জ উপজেলায় ব্যাপক নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তাঁর এই প্রচারণা জনসাধারণের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। উপজেলা শহরসহ বিভিন্ন ইউনিয়ন ও গুরুত্বপূর্ণ বাজার এলাকায় গণসংযোগ, পথসভা ও জনতার সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে প্রার্থী অধ্যাপক ডাক্তার খন্দকার জিয়াউল ইসলাম জিয়া সাধারণ মানুষের কাছে তাঁর নির্বাচনী অঙ্গীকার তুলে ধরছেন। সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রচারণা পরিণত হয়েছে এক প্রাণবন্ত গণমিলনে।
প্রচারণাকালে উন্নয়ন, শান্তি ও অধিকার প্রতিষ্ঠার বার্তায় অধ্যাপক ডাক্তার খন্দকার জিয়াউল ইসলাম জিয়া বলেন, “সুন্দরগঞ্জ উপজেলা দীর্ঘদিন ধরে অবহেলিত। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থানের ক্ষেত্রে সমতা নিশ্চিত করতে হলে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধির বিকল্প নেই। আমি নির্বাচিত হলে এ উপজেলার মানুষের ন্যায্য অধিকার, শান্তিপূর্ণ সহাবস্থান এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে কাজ করবো।
” তিনি আরও বলেন, বিএনপির রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র সংস্কার ভাবনার আলোকে এ উপজেলার উন্নয়নে একটি সুপরিকল্পিত রোডম্যাপ বাস্তবায়ন করা হবে। এ আসনের বিভিন্ন বয়সী নারী-পুরুষ, যুবক ও প্রবীণরা ধানের শীষ প্রতীক হাতে নিয়ে প্রার্থীর সঙ্গে একাত্মতা প্রকাশ করে স্বতঃস্ফূর্ত সাড়া দিচ্ছেন। স্থানীয় জনগণ জানান, অধ্যাপক ডাক্তার খন্দকার জিয়াউল ইসলাম জিয়া একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতা এবং এ উপজেলার বাস্তবতা সম্পর্কে অবগত একজন যোগ্য প্রার্থী হিসেবে তাঁদের আস্থা অর্জন করছেন। প্রচারণায় ভোটারদের শান্তিপূর্ণ ও সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানানো হচ্ছে।
একই সাথে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার বার্তাও দেয়া হচ্ছে। সুন্দরগঞ্জে অধ্যাপক ডাক্তার খন্দকার জিয়াউল ইসলাম জিয়ার নির্বাচনী প্রচারণা স্পষ্ট করে দিচ্ছে-ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সুন্দরগঞ্জ উপজেলায় ধানের শীষের পক্ষে জনমত ক্রমেই সুসংগঠিত হচ্ছে। নির্বাচনের দিন ভোটের মাধ্যমে জনগণ তাঁদের প্রত্যাশার প্রতিফলন ঘটাবে-এমন আশাবাদ ব্যক্ত করছেন স্থানীয়রা।