মাসুদ রায়হান যশোর জেলাপ্রতিনিধিঃ | বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫ | প্রিন্ট | ৯০ বার পঠিত | পড়ুন মিনিটে
সারাদেশের ন্যায় যশোরের মনিরামপুরেও ‘২৪-এর রঙে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে চিত্রাঙ্কন ও মনিরামপুর সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় চতুরে গ্রাফিতি অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।
মনিরামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিল্লুর রশীদ বলেন, ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে দেশব্যাপী শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের অংশগ্রহণে এই ব্যতিক্রমী আয়োজন চলছে। এর মাধ্যমে তরুণ প্রজন্মের কাছে গত বছরের গণঅভ্যুত্থানের তাৎপর্য ও আত্মত্যাগের ইতিহাস তুলে ধরা হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্না বলেন, গত বছর ১ জুলাই থেকে শুরু হয়ে ৫ আগস্ট চূড়ান্ত বিজয় অর্জিত হওয়া এই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচন করে।
সেই সাহসী আন্দোলনকে স্মরণীয় করে রাখতে এবং নতুন প্রজন্মের মাঝে এর চেতনা ছড়িয়ে দিতেই এই চিত্রাঙ্কন ও গ্রাফিতি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। মনিরামপুর মাধ্যমিক শিক্ষা অফিস জানায়, প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে।এই উদ্যোগের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচারণের পাশাপাশি দেশের ভবিষ্যৎ প্রজন্মকে ইতিহাস সচেতন করে তোলার একটি মহৎ প্রচেষ্টা চলছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com