আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ | বৃহস্পতিবার, ০৫ জুন ২০২৫ | প্রিন্ট | ৬৮১ বার পঠিত | পড়ুন মিনিটে
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় মাদকসহ মনিরুজ্জামান (৩৮) নামের এক চাকরিচ্যুত পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
গ্রেপ্তার মনিরুজ্জামান গাইবান্ধা সদর উপজেলার দক্ষিণ ফলিয়া গ্রামের ছমসের উদ্দিনের ছেলে।
বৃহস্পতিবার (৫ জুন) বিকাল সাড়ে ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাইবান্ধা কার্যালয়ের উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশিদ।
তিনি জানান, গ্রেপ্তারকৃত মনিরুজ্জামান দীর্ঘদিন থেকে জেলার বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দিবাগত রাতে পলাশবাড়ী উপজেলা শহরে অভিযান চালানো হয়। এসময় রাত ৩টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের উপজেলার চারমাথা এলাকায় একটি প্রাইভেটকার তল্লাশি চালিয়ে ১ হাজার ৮০০ পিস ইয়াবাসহ প্রাইভেটকারটি জব্দ করা হয়। একই সাথে ওই প্রাইভেটকারের মালিক মনিরুজ্জামানকে গ্রেপ্তার করা হয়। মাদক ছাড়াও তার কাছ থেকে নগদ ৬৩ হাজার ২শ’ ৫০ টাকা পাওয়া যায়। পরে তাকে পলাশবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এসআই মামুনুর রশিদ আরও জানান, গ্রেপ্তার মনিরুজ্জামান পুলিশে চাকরি করতেন। পাঁচ বছর আগে একই অপরাধে তার পুলিশের চাকরি চলে যায়।
পলাশবাড়ী থানার ওসি জুলফিকার আলী ভুট্টু বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাইবান্ধা কার্যালয়ের উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশিদ বাদী হয়ে মনিরুজ্জামানের বিরুদ্ধে মামলা করেছেন। মামলার পর আসামি আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com