কামরুজ্জামান হেলাল, | বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | ১০৩৫ বার পঠিত | পড়ুন মিনিটে
গত সোমবার যুক্তরাষ্ট্রের মিশিগানে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশনের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রজতজয়ন্তী ও বনভোজন। প্রবাসে গ্রেটার জৈন্তিয়ার মানুষের মধ্যে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও পারস্পরিক যোগাযোগ আরও সুদৃঢ় করার প্রত্যয়ে আয়োজিত এ মিলনমেলায় অংশ নেন মিশিগানে বসবাসরত গ্রেটার জৈন্তিয়ার বিপুলসংখ্যক প্রবাসী এবং বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
স্টার্লিং হাইটসের জেমস-সি- নেলসন পার্কে অনুষ্ঠিত দিনব্যাপী এ আয়োজন পরিণত হয় এক আনন্দঘন মিলনমেলায়। প্রবাসের ব্যস্ত জীবনে স্বজন ও স্বদেশের মানুষের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী মানুষের প্রাণবন্ত উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো আয়োজনস্থল।

জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়। পরে অতিথিদের সঙ্গে নিয়ে বনভোজনের উদ্বোধন করেন গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশনের সভাপতি আবুল কালাম আজাদ।
গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশনের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার খাজা আফজাল হোসেন ও এডভোকেট দীপক চৌধুরী।
রজতজয়ন্তী উপলক্ষে আয়োজিত এ বনভোজনে ছিল নানা ধরনের ক্রীড়া প্রতিযোগিতা, মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ও প্রীতিভোজ। শিশু-কিশোরদের পাশাপাশি নারী ও পুরুষদের জন্যও রাখা হয় বিভিন্ন আকর্ষণীয় খেলাধুলার আয়োজন। ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে অংশগ্রহণকারীদের মধ্যে দেখা যায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। আনন্দ-উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো পার্ক।
অনুষ্ঠানে আগত অতিথি ও অংশগ্রহণকারীরা গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশনের দীর্ঘ ২৮ বছরের পথচলার প্রশংসা করেন। তারা বলেন, প্রবাসের মাটিতে নিজেদের ঐতিহ্য, সংস্কৃতি ও পারস্পরিক বন্ধন ধরে রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একই সঙ্গে নতুন প্রজন্মের কাছে জৈন্তিয়ার ইতিহাস, সংস্কৃতি ও শিকড়ের পরিচয় তুলে ধরতেও এসব আয়োজন বিশেষ ভূমিকা রাখে।
আয়োজকরা জানান, গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশনের দীর্ঘদিন ধরে প্রবাসী জৈন্তিয়াবাসীর মধ্যে ঐক্য ও সৌহার্দ্য প্রতিষ্ঠার পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে ভূমিকা রেখে আসছে। সংগঠনের ২৮বছরের পথচলাকে স্মরণীয় করে রাখতে এবারের আয়োজনকে বিশেষভাবে সাজানো হয়। দিনব্যাপী এ আয়োজনে উপস্থিত সবাইকে নিয়ে শেষ পর্যন্ত ছিল উৎসবের আমেজ ও পারস্পরিক শুভেচ্ছা বিনিময়।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com