কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: | শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | ৬৫ বার পঠিত | পড়ুন মিনিটে
যুক্তরাষ্ট্রের মিশিগানে বাংলাদেশি আমেরিকান ইয়ুথ সকার লিগ (BYSL) আয়োজিত ২০২৬ সালের সকার টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে Detroit Stars Soccer Team। টুর্নামেন্টজুড়ে অসাধারণ নৈপুণ্য, কঠোর পরিশ্রম ও দলগত প্রচেষ্টার মাধ্যমে দলটি চ্যাম্পিয়নশিপের শিরোপা জয় করে।
চ্যাম্পিয়নশিপ উদযাপন উপলক্ষে খেলোয়াড়, সমর্থক, স্পনসর ও বিশেষ অতিথিদের উপস্থিতিতে এক আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে Detroit Stars দলের সকল খেলোয়াড়ের হাতে চ্যাম্পিয়নশিপ ট্রফি তুলে দেওয়া হয়। বাংলাদেশি-আমেরিকান কমিউনিটিতে খেলাধুলার প্রসার ও উন্নয়নে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ Shohid-Nesa Home Care-এর সিইও এবং ওয়ারেন সিটির ক্রাইম কমিশনার সুমন কবীরকে Detroit Stars দলের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। উল্লেখ্য, Shohid-Nesa Home Care এই টুর্নামেন্টের প্ল্যাটিনাম স্পনসর হিসেবে সহযোগিতা করেছে।
সম্মাননা গ্রহণের পর সুমন কবীর Detroit Stars দলের খেলোয়াড়দের অভিনন্দন জানান এবং টুর্নামেন্টটি সফলভাবে আয়োজন করার জন্য BYSL কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ ও সাধুবাদ জানান। তিনি বাংলাদেশি-আমেরিকান তরুণদের খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন এবং ভবিষ্যতেও কমিউনিটির ক্রীড়াঙ্গনের উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। এছাড়াও, বাংলাদেশি-আমেরিকান কমিউনিটিতে খেলাধুলার বিকাশে অবদানের স্বীকৃতিস্বরূপ Azad Sports Academy ও NPG Real Estate-এর কর্ণধার মাসুম আহমেদকেও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে Bismillah Kabob N Curry Cafe-এর স্বত্বাধিকারী এবং Detroit Stars দলের ম্যানেজার হাফিজ আফজাল চৌধুরী ও সুহেল আহমেদকে উপস্থিত অতিথিদের উষ্ণ অভ্যর্থনা ও আন্তরিক আতিথেয়তা প্রদানের জন্য ধন্যবাদ জানানো হয়। তাঁদের আন্তরিক আয়োজনে সন্ধ্যাটি উপস্থিত সবার জন্য স্মরণীয় হয়ে ওঠে। অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে মিশিগানের বাংলাদেশি কমিউনিটির সবার প্রিয় শিল্পী শুভন তাঁর মনোমুগ্ধকর কণ্ঠে গান পরিবেশন করে উপস্থিত সবাইকে মুগ্ধ করেন। তাঁর সংগীত পরিবেশনা চ্যাম্পিয়নশিপ উদযাপনে যোগ করে ভিন্ন মাত্রা এবং অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলে।
অনুষ্ঠানে টুর্নামেন্টের স্পনসর, অতিথি, সমর্থক ও সংশ্লিষ্ট সবার অবদানের প্রশংসা করা হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের ক্রীড়া আয়োজন বাংলাদেশি-আমেরিকান তরুণদের মধ্যে নেতৃত্ব, শৃঙ্খলা, পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও আরও বৃহৎ পরিসরে টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে কমিউনিটির তরুণদের খেলাধুলায় উৎসাহিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়। Detroit Stars-এর চ্যাম্পিয়নশিপ জয় বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির জন্য আনন্দ ও গর্বের একটি উপলক্ষ।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com