মাসুদ রায়হান যশোর জেলা প্রতিনিধি:। | রবিবার, ০১ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ৭৯ বার পঠিত | পড়ুন মিনিটে
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে যশোরের মণিরামপুর উপজেলার ৫ নম্বর হরিদাসকাঠি ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে জোরেশোরে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন শিরিনা আক্তার শিরিনা। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন গ্রামে ছুটে যাচ্ছেন তিনি। বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করছেন, শুনছেন তাঁদের সুখ-দুঃখ ও অভাব-অভিযোগের কথা। এভাবেই ভোটারদের ভালোবাসা ও সমর্থন অর্জনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।
স্থানীয় মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও খোঁজখবর নেওয়ার মধ্য দিয়ে ইতোমধ্যে নির্বাচনী এলাকায় নিজের অবস্থান তুলে ধরছেন শিরিনা আক্তার শিরিনা। তাঁর এ গণসংযোগে আলোচনায় উঠে আসছে প্রয়াত স্বামী ও হরিদাসকাঠি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রেজাউল ইসলামের জনসেবামূলক কর্মকাণ্ড।
এক সাক্ষাৎকারে শিরিনা আক্তার শিরিনা বলেন, “আমার স্বামী সাবেক চেয়ারম্যান মরহুম রেজাউল ইসলামকে এ ইউনিয়নের আপামর জনসাধারণ যেভাবে ভালোবাসতেন, আজও মানুষের কাছ থেকে আমি সেই ভালোবাসার প্রতিফলন অনুভব করছি। মানুষের এই ভালোবাসা আমাকে আবেগাপ্লুত ও গর্বিত করে। আমি আমার প্রয়াত স্বামীর জন্য গর্বিত এবং হরিদাসকাঠি ইউনিয়নের সাধারণ মানুষের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ।”
তিনি আরও বলেন, “আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণ যদি তাঁদের মূল্যবান ভোট দিয়ে আমাকে চেয়ারম্যান নির্বাচিত করেন, তাহলে আমার স্বামীর রেখে যাওয়া অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করব। ইউনিয়নবাসীর আশা-আকাঙ্ক্ষা, চাওয়া-পাওয়া ও প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করব। নির্দলীয়, নিরপেক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে ইউনিয়ন পরিষদের সকল কার্যক্রম পরিচালনা করতে চাই। জনগণের সেবক হিসেবে সবার পাশে থাকতে চাই।”
এদিকে আসন্ন নির্বাচনকে ঘিরে হরিদাসকাঠি ইউনিয়নের বিভিন্ন এলাকায় সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা বাড়ছে। এরই মধ্যে শিরিনা আক্তার শিরিনার বাড়ি বাড়ি গণসংযোগ ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় স্থানীয় নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com