আনোয়ার হোসেন: | রবিবার, ১৩ অক্টোবর ২০২৪ | প্রিন্ট | ৬৬ বার পঠিত | পড়ুন মিনিটে
পৃথিবীর মধুরতম ডাক মা। ছোট্ট এ শব্দের অতলে লুকানো থাকে গভীর স্নেহ, মমতা আর পৃথিবীর সবচেয়ে অকৃত্রিম ভালোবাসা। শৈশব থেকে আনন্দ-বেদনা-ভয় কিংবা উদ্দীপনা প্রতিটি মানবিক অনুভূতিতে জড়িয়ে থাকে মায়ের নাম। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সবশেষ আশ্রয়স্থল মা নামের ওই মমতাময়ী নারীর আঁচল। সেই
মায়ের মৃত্যুর কথা শুনে শেষ বারের মতো মাকে এক নজর দেখতে ঢাকা থেকে মোটরসাইকেলে
গ্রামের বাড়ির উদ্দেশ্যে ছুটে আসছিলেন ২ বোন। কিন্তু বিধিবাম পথেই ট্রাক চাপায় তারা প্রাণ হারান। আহত হন মোটরসাইকেল চালক রাকিবুল ইসলাম।
রোববার (১৩ অক্টোবর) সকাল ৮টার দিকে বগুড়া জেলার শেরপুর উপজেলার ভবানীপুর এলাকার গ্যাস পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আজিজুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, গাইবান্ধা সদর উপজেলার ১১ নং গিদারী ইউনিয়নের দক্ষিণ গিদারী গ্রামের নজরুল ইসলামে মেয়ে নূপুর আক্তার (২২) একই এলাকার আব্দুর রশিদের মেয়ে রুনা আক্তার (১৮)। নূপুর ও রুনা সম্পর্কে চাচাতো বোন। দুর্ঘটনায় আহত মোটরসাইকেল চালক রাকিবুল ইসলামসহ তারা ৩ জনই গাজীপুরের একটি গার্মেন্টসে চাকরি করতেন।
জানা যায়, শনিবার রাতে নূপুর আক্তারের মা মারা যান। খবর পেয়ে ভোরে মোটরসাইল নিয়ে নূপুর আক্তার, তার স্বামী রাকিবুল ইসলাম ও চাচাতো বোন রুনা আক্তার ঢাকা থেকে রওনা হন। মোটরসাইকেলটি বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের অমেরা গ্যাস পাম্পের এসে রাস্তার ওপর পড়ে যায়। এ সময় পেছন থেকে একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নূপুর আক্তার ও রুনা আক্তার মারা যান। গুরুতর আহত চালক রাকিবুল ইসলামকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান শেরপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা বখতিয়ার উদ্দিন।
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আজিজুল ইসলাম জানান, ট্রাকটি পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com