মোহসীন মোহাম্মদ মাতৃক | শনিবার, ২৬ অক্টোবর ২০২৪ | প্রিন্ট | ৫০ বার পঠিত | পড়ুন মিনিটে
মানিকগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রবিন খান (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার বালিরটেক চেগারঘোনা বেড়িবাঁধ সড়কের হাটিপাড়া ইউনিয়নের কাজীকোলায় এ দুর্ঘটনা ঘটে। মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমানউল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত রবিন হরিরামপুর উপজেলার বলড়া ইউনিয়নের পিপুলিয়া গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে। রবিনের বয়স যখন তিন-চার বছর, তখন তার বাবা ট্রাক দুর্ঘটনায় মারা যান বলে স্থানীয়রা জানান। রবিনের প্রতিবেশী মোমিন খান বলেন, বালিরটেক-বেড়িবাঁধ সড়কের কাজীকোলায় সড়কের ওপর দিয়ে ড্রেজারের পাইপ নেওয়ায় যান চলাচলে সমস্যা তৈরি হয়েছে।
সেই পাইপ আবার মাটি দিয়ে ঢেকে দেওয়ায় স্পিড ব্রেকারের চেয়ে উঁচু হয়েছে। রবিন বাইক চালিয়ে আসার সময় সড়কের ও পাইপের ব্রেকারে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান। কয়েক মাস আগে মধ্যপ্রাচ্যের একটি দেশ থেকে বাড়ি এসেছেন তিনি। রবিনের মামা রউফ মোল্লা বলেন, কাজীকোলা এলাকায় রাস্তার মাঝ দিয়ে ড্রেজার পাইপ নিয়ে মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়।
সেখানে নিয়ন্ত্রণ হারিয়ে রবিন সড়কের পাশে পড়ে যান। পরে মানিকগঞ্জে একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকার শ্যামলীতে একটি হাসপাতালে নেওয়া হলে রাত ১১টার দিকে মৃত্যু হয়। মানিকগঞ্জ সদর থানা ওসি এস এম আমানউল্লাহ বলেন, মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের কাজীকোলায় রবিন খান নামের এক বাইক আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে গুরুতর আহত হন। পরে ঢাকায় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com