ফরিদপুর জেলা প্রতিনিধি: | শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫ | প্রিন্ট | ১৭২ বার পঠিত | পড়ুন মিনিটে
ময়লা ফেলার নির্ধারিত জায়গা ও পর্যাপ্ত আস্তাকুঁড়ের (ডাস্টবিন) অভাবে ফরিদপুরের চরভদ্রাসন সদর বাজারে যত্রতত্র আবর্জনার স্তূপ তৈরি হয়েছে। নিয়মিত পরিষ্কার না করায় এসব স্তূপ থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। ফলে উপজেলা বাসি অতিষ্ঠ হয়ে উঠছেন।
সরেজমিনে দেখা গেছে, নির্ধারিত ডাস্টবিন না থাকায় অধিকাংশ প্লাস্টিকের বর্জ্য বৃষ্টির পানির সঙ্গে বাজারের পাশ দিয়ে বয়ে চলা ভুবনেশ্বর নদের পানিতে মিশছে। এতে করে পরিবেশদূষণের পাশাপাশি দূষিত হচ্ছে ভুবনেশ্বর নদের পানি। পানির সঙ্গে আবর্জনা ছড়াচ্ছে শহরময়।
খোঁজ নিয়ে জানা গেছে, চরভদ্রাসন উপজেলায় প্রধান বাজার এটিই। সপ্তাহে দুই দিন হাট বসে এই বাজারে। তবে ময়লা ফেলার নির্দিষ্ট কোনো জায়গা না থাকায় বাজারের চারপাশে জমে উঠেছে ময়লার স্তূপ।
এ বিষয়ে জানতে চাইলে চরভদ্রাসন সদর বাজারেরবণিক সমবায়ের সভাপতি মোঃ আলমগীর মোল্লা বলেন, ‘আমাদের আবর্জনা ফেলার নির্দিষ্ট কোনো জায়গা নেই; যার ফলে এ অবস্থার সৃষ্টি হয়েছে।
চরভদ্রাসন সদর বাজারের ব্যবসায়ী পান্নু মোল্লা বলেন, বাজারের নালাগুলো বছরে দু-একবার পরিষ্কার করা হয়, যা প্রয়োজনের তুলনায় খুবই কম। আর ময়লা ফেলার নির্দিষ্ট জায়গা না থাকায় যত্রতত্র ফেলতে বাধ্য হচ্ছে সবাই। বাজার ও পরিবেশ সমুন্নত রাখতে একটি ভাগাড় বিশেষ প্রয়োজন।
চরভদ্রাসন সদর বাজার পরিষ্কারার লোক বলেন, ‘আমরা ময়লা ফেলার নির্দিষ্ট জায়গা পাই না। বাইরে কোথাও ময়লা ফেলতে গেলে অনেকেই বাধা দেয়। এসব নিয়ে বারবার কর্তৃপক্ষকে জানিয়েছি। আজ না কাল বলে বলে এখনো কোনো সমাধান হয়নি।’
এ বিষয়ে হাট বাজারের ইজারাদার আলামিন সাহেব কে একাধিকবার ফোন দিলেও ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com